→ ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির আভাস নেই→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের
No icon

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সেনাসহ নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর আট সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারীও রয়েছেন। অন্যদিকে, সামরিক যানবাহনে সশস্ত্র ড্রোন হামলায় এক মেজরসহ পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার আইএসপিআরের বিবৃতির বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে ১৩ নভেম্বর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এসব অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েটা-তাফতান জাতীয় মহাসড়কেও (এন-৪০) টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। 

আইএসপিআর জানায়, ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুর এলাকায় একটি অভিযানে ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর আট সদস্যকে হত্যা করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।

এর পরদিন ১৪ নভেম্বর টহলরত সামরিক যানবাহন লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার বা ড্রোন দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাস নাসিরের বাড়ি পাঞ্জাবের চাকওয়াল জেলায়। আর হাবিলদার আদনান খানের বাড়ি কোটলি সাতিয়ানে। 

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠী ড্রোন ও তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরকসহ (আইইডি) আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। এসব তৎপরতায় ভারত ও অন্যান্য বৈরী গোয়েন্দা সংস্থার সহায়তা রয়েছে বলেও অভিযোগ করেছে আইএসপিআর। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, নিহত দুই সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পৃথক বার্তায় তাঁরা নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করেন এবং নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সন্ত্রাসবাদ নির্মূলে সেনাসদস্যদের আত্মত্যাগ জাতীয় সংকল্পকে আরও দৃঢ় করবে বলে মন্তব্য করেন তাঁরা।

আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত ও হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে। জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অংশ হিসেবেও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

উল্লেখ্য, একই সময়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানেও পৃথক অভিযানে ১৬ জন সন্ত্রাসী নিহত এবং দুই সেনাসদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। ফলে ১৩ ও ১৪ নভেম্বর বেলুচিস্তান ও উত্তর ওয়াজিরিস্তানে পরিচালিত অভিযানে মোট ২৪ জন সন্ত্রাসী নিহত এবং চার সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

তথ্যসূত্র: সামা টিভি, ডন