মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা তাদের বিশাল স্টারশিপ মহাকাশযানকে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহু দিয়ে মাঝআকাশে ধরে ফেলেছে প্রতিষ্ঠানটি। রকেট পুনর্ব্যবহারের প্রযুক্তিতে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে। এর আগের দিন শুক্রবার স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক ফ্লাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় ২২ ঘণ্টা মহাকাশে অবস্থানের পর পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসে মহাকাশযানটি নির্ধারিত স্থানে অবতরণ করে। এ সময় উৎক্ষেপণ টাওয়ারের বিশেষ যান্ত্রিক বাহু বা ‘চপস্টিকস’ সেটিকে ধরে ফেলে।
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে ১৪ বার প্রদক্ষিণ করে এবং ২৬টি স্টারলিংক স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে। এরপর নিয়ন্ত্রিতভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে ফিরে আসে। পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয়।
এই সাফল্যের জন্য স্পেসএক্সের দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যানও ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ‘প্রায় জাদুর মতো’ বলে অভিহিত করেন।তবে এবারের মিশনে স্টারশিপের ওপরের অংশ সফলভাবে ধরে ফেলা গেলেও নিচের অংশ সুপার হেভি বুস্টারকে উদ্ধার করা সম্ভব হয়নি। উৎক্ষেপণের পর বুস্টারটি ফিরে আসার সময় নির্ধারিত পথে না থাকায় স্বয়ংক্রিয়ভাবে অবতরণের পরিকল্পনা বাতিল করে। পরে মেক্সিকো উপসাগরে নামার সময় সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনার কারণ খতিয়ে দেখছে স্পেসএক্স।
এর আগে স্পেসএক্স তিনবার সুপার হেভি বুস্টারকে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলতে সক্ষম হয়েছিল। তবে মহাকাশ থেকে ফিরে আসা স্টারশিপের ওপরের অংশকে এভাবে ধরে ফেলার ঘটনা এবারই প্রথম।
স্পেসএক্সের লক্ষ্য, স্টারশিপের উভয় অংশই পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। এতে প্রতিটি মহাকাশ অভিযানের পর রকেটের অংশ সমুদ্রে ফেলে দেওয়ার প্রয়োজন কমবে এবং উৎক্ষেপণের খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। চাঁদ ও মঙ্গলে ভবিষ্যৎ অভিযানের পরিকল্পনায়ও এই প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করছে প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: এএনআই