→ ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির আভাস নেই→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের
No icon

যুক্তরাষ্ট্রে আরও ৬ হাজার ৪০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে শুক্রবারের (১৩ নভেম্বর) নজিরবিহীন বিমান চলাচল বিপর্যয়ের প্রভাব শনিবারও (১৪ নভেম্বর) অব্যাহত ছিল। এদিন দেশটিতে ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার রাত ৯টা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৬ হাজার ৪০০ ছাড়িয়ে যায়। এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড এর আগে ধারণা করেছিলেন, শনিবার ৪ হাজার থেকে ৫ হাজার ফ্লাইট বাতিল হতে পারে। রোববারের নির্ধারিত আরও প্রায় ৮০০টি ফ্লাইটও আগাম বাতিল করা হয়েছে। এর বেশির ভাগই আমেরিকান এয়ারলাইনস ও জেটব্লুর।

শনিবার সকালে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বেডফোর্ড বলেন, ‘আমার মনে হয়, সবচেয়ে খারাপ সময়টা আমরা পেছনে ফেলে এসেছি।’ তবে ফ্লাইটের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে রোববার দিনের শেষ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি।

১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে টানা চার ঘণ্টার বেশি সময় দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে প্রায় ১২ হাজার ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। এর মধ্যে বাণিজ্যিক ও সাধারণ—দুই ধরনের বিমান চলাচলই ছিল।

যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি জানান, এফএএর নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এল৩হ্যারিস টেকনোলজিস একটি প্রত্যন্ত এলাকায় পুরোনো তামার তারের সংযোগের পরিবর্তে ফাইবার অপটিক লাইন স্থাপনের কাজ করছিল। এ সময় একটি রাউটার থেকে অতিরিক্ত ডেটা ও সংযোগের অনুরোধ ছড়িয়ে পড়ায় বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। এতে বিভিন্ন নিয়ন্ত্রণকেন্দ্রে রাডার ও বিমানের সঙ্গে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যাটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ভুল, নাকি রাউটারের যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে এফএএ। এল৩হ্যারিস জানিয়েছে, তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবারের বিপর্যয়ের সময় কোনো নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে নেটওয়ার্কের অস্থিতিশীলতার কারণে নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তথ্যসূত্র: রয়টার্স, এপি