→ ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির আভাস নেই→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের
No icon

ইরানের ড্রোন হামলায় বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস, দাবি আইআরজিসির

বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় রাডারটি ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। রোববার (১৫ নভেম্বর) আইআরজিসির বিবৃতি উদ্ধৃত করে ইরান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়। একই দিন বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে একাধিক সতর্কতা জারি করে নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়। 

আইআরজিসির দাবি, তাদের বিমানবাহিনী রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠায়। হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং রাডারটি ধ্বংস হয়েছে বলে দাবি করে তারা। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কিংবা বাহরাইনের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। তবে সম্ভাব্য হুমকির ধরন বা উৎস সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে গত শুক্রবারও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। তবে সেন্টকম ওই দাবি প্রত্যাখ্যান করে জানায়, বাহরাইনের দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানায় তারা।

নতুন বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এই জলপথে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও ভয়াবহভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স