→ ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির আভাস নেই→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের
No icon

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছিলেন নেতানিয়াহু

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার বিরোধিতা করলেও রাজনৈতিক স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু—এমন অভিযোগ তুলেছেন দেশটির পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সদস্য আহমাদ তিবি। এ অভিযোগের পক্ষে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কিছু ব্যক্তিগত বার্তাও প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি এসব অভিযোগ করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর ঘনিষ্ঠজনেরা আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেছেন তিনি। 

তিবির ভাষ্য অনুযায়ী, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটের পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে নিজের মুঠোফোনে থাকা কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিবি। তবে সম্প্রচারিত ছবিতে বার্তাগুলোর লেখা স্পষ্টভাবে পড়া যায়নি।

তিবি বলেন, প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার বিরোধিতা করলেও নেতানিয়াহুর দল লিকুদ রাজনৈতিক স্বার্থে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছে। তাঁর মতে, এ ঘটনা নেতানিয়াহুর প্রকাশ্য অবস্থান ও আড়ালের রাজনৈতিক তৎপরতার মধ্যে দ্বিচারিতা তুলে ধরে।

ব্যক্তিগত কথোপকথন সাধারণত প্রকাশ্যে আনেন না জানিয়ে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর তিনি এসব তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিবি আরও দাবি করেন, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাঁকে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেন বলে জানান তিবি। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’

তবে তিবির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, আরব রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। লিকুদের ভাষ্য, যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে দলটি কোনো ধরনের সহযোগিতা করে না।

এদিকে, তিবির দেখানো বার্তাগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়েছে—এমন তথ্য সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে নেতানিয়াহুর পক্ষ থেকে গোপনে সমর্থন চাওয়ার বিষয়টি এখন পর্যন্ত তিবির অভিযোগ হিসেবেই রয়েছে। তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল