→ ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির আভাস নেই→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের
No icon

ইসরায়েলের ফাঁদে পা না দিতে ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা

ফ্রান্সের সুপারমার্কেটগুলোর হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার অভিযোগকে কেন্দ্র করে প্যারিসকে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার ফাঁদে যেন পা না দেয় ফ্রান্স।

শনিবার (১৪ নভেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানান। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি রোববার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

মোহেব্বি ফ্রান্সের অভিযোগকে ‘হাস্যকর’ বলে আখ্যা দেন। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শত্রুতা উসকে দিতে এবং তেহরানের বিরুদ্ধে ইউরোপের সমর্থন আদায় করতে ইসরায়েল এসব অভিযোগ ব্যবহার করছে। তিনি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ একই বার্তায় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপরীতে আইআরজিসি কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। এর আগে ৯ নভেম্বর ফ্রান্স সরকার দেশটির সুপারমার্কেটগুলোর হিমাগার নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার জন্য ইরানের আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ‘শহিদ কাভেহ’ ইউনিটকে দায়ী করে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১১ থেকে ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের শীতলীকরণব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ফরাসি কর্তৃপক্ষের দাবি, সাইবার হামলার ফলে হিমাগারগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো বলে জানিয়েছে ফ্রান্স। এঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্যারিস। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আরও নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথাও জানায় দেশটি।

তবে ১০ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। তেহরান জানায়, নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বেআইনি বিদেশি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি