খাগড়াছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- লিটন চৌধুরী, মাহফুজ জুয়েল, সুজন বিশ্বাস, মো. সাকিল ও রুবেল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ভোররাতে আদালত চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধন এবং গত ২০ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মিছিল নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সড়কের পার্শ্বে থাকা সরকারি গাছ কেটে সড়কের উভয় পার্শ্বে ফেলে রেখে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগ আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়কিসলু জানান, মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে।