→ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু→ উত্তরে ঘন কুয়াশা বাড়ছে শীত→ কারিগরি শিক্ষকদের চাকরির বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ→ আজ যেসব জায়গায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা→ রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে
No icon

উত্তরে ঘন কুয়াশা বাড়ছে শীত

দেশের উত্তরের কয়েকটি জেলায় ঘন কুয়াশা ঝরছে। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। দুদিন ধরে ঠিকমতো সূর্যের দেখা মেলেনি। দিনে রোদের তাপ থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে শীত বাড়ছে। এতে বিপাকে পড়েছেন ভোরে সবজি তুলে বাজারে নেওয়া চাষি, কৃষিশ্রমিক ও গাড়িচালকরা।পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, কয়েক দিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল মঙ্গলবার সকালে সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি।এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তেঁতুলিয়ায় আসছেন। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও সমতলের চা বাগান, মহানন্দার পাড় আর সীমান্তের প্রকৃতি ঘুরে দেখছেন তারা।

এদিকে শীতের শুরুতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি উৎপাদন ও বাজারজাতের ব্যস্ততা বেড়েছে। জেলা শহরের কামাতপাড়া, রামেরডাঙ্গা, তুলারডাঙ্গাসহ করতোয়া নদীর আশপাশের জমিতে কৃষক ও শ্রমিকদের কাজ করতে দেখা যাচ্ছে। কেউ ক্ষেত থেকে লালশাক-লাউশাক তুলছেন, কেউ সেগুলো পরিষ্কার করে বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।কামাতপাড়া এলাকার সবজিচাষি জয়নুল ইসলাম বলেন, ভোর হওয়ার আগেই ক্ষেত থেকে সবজি তুলে বাজারে নিতে হয়। শীত বাড়লে এই কাজ আরও কষ্টকর হয়ে ওঠে। উৎপাদন খরচ বাড়লেও অনেক সময় সবজির ন্যায্য দাম পাওয়া যায় না।মিঠাপুকুর এলাকার ইজিবাইকচালক গোলাম হোসেন বলেন, সন্ধ্যার পর ঠান্ডা বাড়লে যাত্রী কমে যায়। শীতে আমাদের আয় কমে যায়। মানুষের হাতে টাকা না থাকায় এমনিতেই আগের মতো আয় হচ্ছে না। শীত বাড়লে পরিস্থিতি আরও কঠিন হবে।পঞ্চগড়ের ময়দানদিঘী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ সাজ্জাদ হোসেন বলেন, শীতের আগমন কারও কাছে পর্যটনের আনন্দ, আবার কারও কাছে জীবিকার অনিশ্চয়তা। শীত জেঁকে বসার আগেই অসচ্ছল পরিবার চিহ্নিত করে গরম কাপড় ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা করা দরকার।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে আশপাশের এলাকায় বর্তমানে অতিরিক্ত জলীয় বাষ্প রয়েছে। এ কারণে আকাশ মেঘলা থাকে। আর মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছায় না। ফলে ঠান্ডা অনুভূত হয় এবং অনেক সময় দিনেও মেঘের সঙ্গে কুয়াশা থাকে। কুয়াশার দাপটে দৃষ্টিসীমা কমে যায়। কয়েক দিনের মধ্যেই শীতের প্রকোপ বাড়তে পারে।

জয়পুরহাটে দিনে আলো জ্বেলে চলছে গাড়ি

জয়পুরহাটে বেড়েছে শীত। গত সোমবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস বইছে। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোয় বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাসচালক বায়েজিদ বলেন, সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে বাস চালাতে হচ্ছে। কুয়াশার কারণে যাত্রীও কম।বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা একটু কম, তবে কুয়াশা বেশি।