সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত নির্দিষ্ট পদের শিক্ষক ও কর্মকর্তাদের চাকরির বিস্তারিত তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক), ইনস্ট্রাক্টর (টেক), ইনস্ট্রাক্টর (নন-টেক) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষক-কর্মকর্তাদের এসব তথ্য দিতে হবে। আগামী ২৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছকে তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলোর হালনাগাদ তালিকা তৈরির জন্য শিক্ষক ও কর্মকর্তাদের চাকরির পুঞ্জীভূত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানের প্রধানের অধীনে কর্মরত প্রত্যেকের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আলাদাভাবে পূরণ করতে হবে।অফিস আদেশে তথ্য পাঠানোর পদ্ধতি ও ধরনও উল্লেখ করা হয়েছে।
আগামী ২৮ নভেম্বরের মধ্যে পূরণ করা ছকের হার্ডকপি এবং সফটকপি অধিদপ্তরে পাঠাতে হবে। সফটকপি সিডি বা পেনড্রাইভে দিতে হবে। তথ্যের সফটকপি এক্সেল ফরম্যাটে এবং নিকষ ৯ ফন্টে প্রস্তুত করতে হবে। তথ্য পূরণের ক্ষেত্রে কোনো ভুল বা অসম্পূর্ণতা রাখা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির আদেশ, যোগদানপত্র ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণের সনদও সংযুক্ত করতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানো নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। কোনো প্রতিষ্ঠান তথ্য পাঠাতে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে ব্যক্তিগতভাবে নিতে হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।এ ছাড়া কিউআর কোড স্ক্যান করে গুগল শিটের মাধ্যমেও সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য পূরণের সুযোগ রাখা হয়েছে। এ প্রক্রিয়ায় প্রত্যেকের তথ্য যথাযথভাবে পূরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।