ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের আরও কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ নিজেদের দখলে নিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব সমুদ্র প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল গোষ্ঠীটি। ইয়েমেন সরকার এবং হুথি কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, সউদী আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী পশ্চিম উপকূলে হুথিদের দ্রুত অগ্রগতি ঠেকাতে যখন পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হুতাইরা 'গ্রেটার হানিশ' এবং 'লেসার হানিশ' দ্বীপ দুটি দখল করে নেয়। নাম প্রকাশ না করার শর্তে দুজন সরকারি কর্মকর্তা এবং একজন হুথি প্রতিনিধি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বাব আল-মানদেব প্রণালী থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) উত্তরে অবস্থিত হানিশ দ্বীপপুঞ্জ থেকে শত শত সরকারি অনুগত সেনা প্রত্যাহারের পর হুথি বিদ্রোহীরা সেখানে যোদ্ধা মোতায়েন করে।
লোহিত সাগরে জাহাজ চলাচল এবং সউদী আরবের তেল অবকাঠামোয় হুথিদের ধারাবাহিক হামলার কারণে ইতোমধ্যে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দামে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে সংঘাত বৃদ্ধির ফলে সৃষ্ট অস্থিরতা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে একটি বড় ধরনের কৌশলগত সুবিধা এনে দিতে পারে।