দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাসডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচিঢাকায় মেঘলা আকাশ, কী বলছে আবহাওয়া অফিসআল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
No icon

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মুসলিম বিশ্বকে সতর্ক করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে মুসলিম সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সতর্ক করে বলেছেন, প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতায় পিছিয়ে পড়লে মুসলিম সমাজ বাইরের পক্ষের প্রভাবের কাছে অরক্ষিত হয়ে পড়তে পারে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আনোয়ার ইব্রাহিম বলেন, আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমাজের স্বায়ত্তশাসন ও নৈতিক ভিত্তি রক্ষায় ধর্মীয় পণ্ডিতদের নতুন বাস্তবতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 

তিনি বলেন, ‘জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব।’ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে যথেষ্ট বোঝাপড়া না থাকলে মুসলিম সমাজ আবারও ঔপনিবেশিক শোষণের শিকার হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে ধর্মীয় নীতি ও মূল্যবোধের সমন্বয়ের ওপরও জোর দেন আনোয়ার। তাঁর মতে, ডিজিটাল যুগে এগিয়ে যেতে মুসলিম সম্প্রদায়ের কারিগরি দক্ষতার পাশাপাশি নৈতিক ভিত্তিও শক্তিশালী করা প্রয়োজন। উন্নয়নের পথে এগোলেও ‘বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ’ সমুন্নত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

আনোয়ার আরও সতর্ক করে বলেন, নতুন প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে বাইরের কোনো পক্ষ প্রযুক্তির মাধ্যমে এমন মূল্যবোধ ছড়িয়ে দিতে পারে, যা স্থানীয় নৈতিকতা ও ধর্মীয় ঐতিহ্যকে দুর্বল করে দিতে পারে।

এআই নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা বাড়লেও মুসলিম পণ্ডিতরা এ বিষয়ে পর্যাপ্ত মনোযোগ দিচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে আরও সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানিয়ে আনোয়ার বলেন, প্রযুক্তিগত অগ্রগতি জ্ঞান ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতেই এগিয়ে নিতে হবে।

আনোয়ারের কেরালা সফরটি তাঁর ভারত সফরের অংশ। নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি কোঝিকোড়ে যান। সেখানে তিনি ভারতীয় গ্র্যান্ড মুফতি ও সুন্নি নেতা কান্থাপুরাম এপি আবুবকর মুসালিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কারানথুরের মার্কাজু সাকাফাথি সুন্নিইয়া ক্যাম্পাসে শিক্ষা, জ্ঞান ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনায় অংশ নেন।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি