সউদী আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড ও দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সউদী আরবে অবস্থান করা দেশটির আবাসন ও শ্রম আইন অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে অবস্থানকারীদের সর্বোচ্চ ৫০ হাজার সউদী রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ লাখ টাকারও বেশি। জরিমানার পাশাপাশি অপরাধীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে তাকে সউদী আরব থেকে নির্বাসন করা হবে এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিসার অপব্যবহার রোধ এবং বিদেশিরা যাতে অনুমোদিত সময়ের বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।
এদিকে, দেশটির নাগরিক ও বৈধ বাসিন্দাদের আইন লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসন, শ্রম বা সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের কোনো ঘটনা চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
অভিযোগ জানাতে ২৪ ঘণ্টার হটলাইন চালু রেখেছে সউদী সরকার। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের মানুষ ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন।
সউদী কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতে দেশজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তথ্যসূত্র: গালফ নিউজ