→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের→ এআই স্ক্যানিংয়ে শনাক্ত হচ্ছে ৭০ ধরনের রোগের ঝুঁকি
No icon

বন্ধ হচ্ছে পোশাক কারখানা

পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন এবং ন্যূনতম মজুরি ঘোষণার উদ্যোগ নেওয়ার পরও নিরসন হচ্ছে না অস্থিতিশীলতা। বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে গতকালও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ থেকে আশুলিয়া, সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের যেসব পোশাক কারখানা উৎপাদন চালাতে পারবে না, সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। পোশাক খাতে শ্রম-অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারের তরফে এ সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হয়েছে।এদিকে আগামীকাল মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ ও কারখানায় অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও নতুন মজুরি কাঠামোর বিষয়ে লিখিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। ন্যূনতম মজুরি বোর্ডে আগামীকাল এ প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।অন্যদিকে ভারপ্রাপ্ত শ্রম সচিব আব্দুর রহিম খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা পোশাক কারখানা বন্ধ না রাখার অনুরোধ করেছি মালিকদের। সরকার শ্রমিকদের জন্য মজুরি নির্ধারনে বোর্ড গঠন করেছে। সেখানে মালিক-শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হবে। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলন কাম্য নয়, যোগ করেন তিনি।

রাজধানীর উত্তরায় গতকাল বিজিএমইএর প্রধান কার্যালয়ে পোশাকশিল্পের মালিকদের জরুরি যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কারখানা বন্ধের সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সভায় প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।মালিকদের দাবি, নিরাপত্তাহীন পরিবেশে কারখানা সচল রাখা সম্ভব নয়। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ ও ন্যায্য মজুরির দাবি বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছেন শ্রমিকনেতারা। বিশ্লেষকরা বলছেন, শ্রমিক ও মালিক-কোনো পক্ষই বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নয়। শ্রমিকদের দাবি পূরণ ও সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। সব মিলিয়ে দেশের প্রধান রপ্তানি খাতটি এখন উৎপাদন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি রক্ষার চ্যালেঞ্জে পড়েছে।বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সংবাদ সম্মেলনে বলেন, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় অনেক কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। শ্রম-অসন্তোষের কারণে যেসব কারখানা উৎপাদন চালাতে ব্যর্থ হবে, সেগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা।তিনি জানান, গতকাল পর্যন্ত বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ৫৫টি কারখানা ইতোমধ্যে ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য কারখানাগুলোতেও শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত। তবে আগামীকাল (রবিবার) কতটি কারখানা বন্ধ থাকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ প্রতিদিন একই কারখানায় অসন্তোষ দেখা যাচ্ছে না।

প্রসঙ্গত, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রম-অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হলে মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করতে পারে। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা মজুরি পান না। অর্থাৎ কার্যকর হয় নো ওয়ার্ক, নো পে নীতি। ফলে উৎপাদন বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের দৈনন্দিন আয়ের ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।বিজিএমইএ সভাপতি বলেন, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় সাত থেকে ১২ দিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছে। অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী হলেও কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে মালিকদের অভিযোগ। এতে অন্য শ্রমিকরাও কাজে যোগ দিতে বাধার মুখে পড়ছেন। এক কারখানার শ্রমিকদের অন্য কারখানায় গিয়ে কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কারখানার নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডের আলোচনা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।