→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের→ এআই স্ক্যানিংয়ে শনাক্ত হচ্ছে ৭০ ধরনের রোগের ঝুঁকি→ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ→ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ→ চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু
No icon

এআই স্ক্যানিংয়ে শনাক্ত হচ্ছে ৭০ ধরনের রোগের ঝুঁকি

শরীরে কোনো রোগ বাসা বাঁধছে কিনা, তা জানতে সাধারণত চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এরপর প্রয়োজন হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার। ল্যাবরেটরিতে নমুনা পাঠিয়ে প্রতিবেদনের জন্য অপেক্ষাও করতে হয়। সব মিলিয়ে স্বাস্থ্য পরীক্ষা অনেকের কাছে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কিন্তু রোগের লক্ষণ প্রকাশের আগেই শরীরের বিভিন্ন অঙ্গের অবস্থা ও সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া গেলে কেমন হয়?
হংকংভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান লাইভ ফর ওয়েল এমন প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার ধারণা সামনে এনেছে। তাদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিশেষ স্ক্যানিং প্রযুক্তির সাহায্যে অল্প সময়ে শরীরের বিভিন্ন অঙ্গের অবস্থা বিশ্লেষণ করা সম্ভব। হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগ, ফ্যাটি লিভার, অন্ধত্ব, স্ট্রোকসহ ৭০ ধরনের জটিল রোগের ঝুঁকি শনাক্তের কথাও বলছে প্রতিষ্ঠানটি। এ ব্যবস্থায় প্রচলিত এক্স-রে বা সিটি স্ক্যানের মতো আয়নাইজিং রেডিয়েশন ব্যবহার করা হয় না। পাশাপাশি ব্যক্তির স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে দেওয়া হয় জীবনযাপন, ব্যায়াম ও পুষ্টিবিষয়ক পরামর্শ।সমকাল গত ২৮ অক্টোবর হংকংয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ব্যবস্থাপনা মডেল এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় এআইর ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা হয়। কিন্তু স্বাস্থ্যসেবার নতুন ধারণা হলো, অসুস্থ হওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা। এরপর জীবনযাপনে পরিবর্তন এনে রোগের ঝুঁকি কমানোর চেষ্টা করা। প্রতিষ্ঠানটি এ ধারণাকে বলছে ওয়েলনেস ৩.০ বা স্বাস্থ্যসেবার তৃতীয় প্রজন্ম।

অনলাইন সংবাদ সাবস্ক্রিপশন

হংকং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেছেন ডা. রাসেল চ্যান। তিনি বলেন, এ ব্যবস্থায় ব্যক্তির স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসকের পাশাপাশি মানুষকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই লক্ষ্য।এ মডেলের তিনটি প্রধান দিক রয়েছে। প্রথমত, অসুস্থ হওয়ার অপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ। দ্বিতীয়ত, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে শরীরের বিভিন্ন স্বাস্থ্য নির্দেশক বিশ্লেষণ। তৃতীয়ত, ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া।প্রতিষ্ঠানটির প্রধান সেবাগুলোর একটি ভিভ পাস । এর মাধ্যমে ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন, এআই দিয়ে স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ, ব্যায়ামের পরামর্শ এবং পুষ্টিপূরক গ্রহণের সুপারিশ দেওয়া হয়। এ ছাড়া ২৪ ঘণ্টা স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়।সোয়েট পয়েন্ট ও ওয়েলশপ নামে দুটি উদ্যোগের মাধ্যমেও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত হাঁটা ও শারীরিক কর্মকাণ্ডের বিনিময়ে পুরস্কার পাওয়ার এ ব্যবস্থাকে বলা হচ্ছে মুভ টু আর্ন । অর্থাৎ শরীরচর্চাকে ব্যক্তিগত অভ্যাসের পাশাপাশি প্রযুক্তিনির্ভর পুরস্কার ব্যবস্থার অংশ করার চেষ্টা চলছে।স্ক্যানিং প্রযুক্তিতে শরীরের ভেতরের তথ্য প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ ই-সেন্সের তৈরি ভিটোচেক নামে স্ক্যানিং প্রযুক্তি। এর মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা বিশ্লেষণের দাবি করা হচ্ছে।প্রচলিত সিটি স্ক্যানে এক্স-রে এবং এমআরআইয়ে শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহার করা হয়। অন্যদিকে আলট্রাসাউন্ড পরীক্ষার জন্য প্রয়োজন হয় বিশেষ যন্ত্র ও প্রশিক্ষিত কর্মীর। এসব পরীক্ষার তুলনায় সহজে বহনযোগ্য ও কম খরচের প্রযুক্তি তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে ই-সেন্স। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ডা. রাসেল চ্যান।

প্রযুক্তিটির কার্যপদ্ধতি সম্পর্কে প্রতিষ্ঠানটির উপস্থাপনায় বলা হয়, এতে বৈদ্যুতিক ইমপিড্যান্স টমোগ্রাফি (ইআইটি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশের বৈদ্যুতিক বৈশিষ্ট্য পরিমাপ করে সেন্সরগুলো তথ্য সংগ্রহ করে। পরে সফটওয়্যার ও এআইর সাহায্যে এসব তথ্য বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ত্রিমাত্রিক চিত্র এবং বিভিন্ন স্বাস্থ্যনির্দেশক সম্পর্কে ধারণা পাওয়া যায়।প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তিতে এক্স-রে ব্যবহার করা হয় না। ফলে সিটি স্ক্যানের মতো আয়নাইজিং রেডিয়েশনের ঝুঁকি নেই। লিভারে চর্বি জমার অবস্থা, কিডনির কার্যকারিতা, ফুসফুসসহ বিভিন্ন অঙ্গের স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়নে এটি ব্যবহার করা যায়।হংকং বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট হাসপাতালে চার শতাধিক রোগীর ওপর চালানো পরীক্ষার ফল তুলে ধরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানিয়েছেন, ফুসফুস, লিভার ও কিডনির ক্ষেত্রে প্রযুক্তিটির নির্ভুলতা ৮০ থেকে ৯৫ শতাংশের মধ্যে পাওয়া গেছে।তবে এসব ফল কোন ধরনের রোগী, কোন পরীক্ষা পদ্ধতি এবং কোন মানদণ্ডের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।