→ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ→ চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু→ হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার→ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই পাড়ে আটকা প্রায় ৩০০ যানবাহন→ কমিশন বাড়িয়েও নির্ধারিত দামে মিলছে না এলপিজি
No icon

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় যোগাযোগের সমস্যার কারণে দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা আবারও খুলে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর ফলে ফ্লাইট চলাচল আবারও শুরু হয়েছে। তবে ফ্লাইট বিলম্বের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এসব তথ্য জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।শন ডাফি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। পুরনো হার্ডওয়্যারের কারণে এমন বিপয় হয়েছে বলে তিনি জানান।যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী বলেন, দেশজুড়ে রাডার, যোগাযোগ ব্যবস্থা ও কেন্দ্রগুলোতে আমরা অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছি। রাউটার থেকে অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করায় এফএএ সারাদেশে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়।

তিনি জানান, টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণ শনাক্ত করার পর স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিট) আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।তিনি আরও বলেন, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। অসংখ্য যাত্রী এখনও বিমানবন্দরে আটকে আছে।এদিকে শনিবার উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট আবারও চলাচল শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।এর আগে বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারগুলোর যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কথা জানিয়ে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রজুড়ে সব বহির্গামী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি রাখা হয়।হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছিলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ত্রুটির কারণেই ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। আর এই সিদ্ধান্তের ফলে ১০ হাজারের বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন হাজারো যাত্রী।এর আগে যুক্তরাষ্ট্রজুড়ে ২০২৩ সালের জানুয়ারিতে ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রায় দেড় ঘণ্টা (৯৫ মিনিট) কার্যকর ছিল। শুক্রবারের নিষেধাজ্ঞা সেই সময়সীমা ছাড়িয়ে গেছে।এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগের সমস্যার কথা জানিয়েছে। এর ফলে সংস্থাটির ওয়েবসাইটে থাকা তথ্য দেখা না-ও যেতে পারে। আবার পুরনো তথ্যও দেখাতে পারে। সমস্যা সমাধানে প্রযুক্তিবিদেরা কাজ করছেন বলে জানিয়েছে সংস্থাটি।