ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা। শনিবার ভোর চারটা থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধর্মঘট শুরু হয়। এতে নৌরুটের দুই পাড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ প্রায় ৩০০ যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।শুক্রবার শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি কাকলির সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে তরিকুল ইসলাম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও চার শিশু।বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরি কাকলি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের দিকে যাচ্ছিল। সকাল নয়টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের গায়ে আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির মাস্টারকে আটক করা হয়। ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে আজ ভোর থেকে ফেরির চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ধর্মঘট শুরু করেন।বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে আজ ভোর চারটা থেকে কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন।