→ চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু→ হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার→ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই পাড়ে আটকা প্রায় ৩০০ যানবাহন→ কমিশন বাড়িয়েও নির্ধারিত দামে মিলছে না এলপিজি→ ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা
No icon

কমিশন বাড়িয়েও নির্ধারিত দামে মিলছে না এলপিজি

দেশে বছরে এলপিজির চাহিদা ১৮ লাখ টনের বেশি। এক কোটিরও বেশি গ্রাহকের রান্নার এই জ্বালানির বাজারের প্রায় পুরোটাই বেসরকারি খাতের হাতে, যার বড় অংশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। ২০২৫-২৬ অর্থবছরে সাতটি প্রতিষ্ঠান মোট আমদানির ৮৬ শতাংশ করেছে। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানের অংশ প্রায় ৭১ শতাংশ। আমদানিতে এমন আধিপত্য ও সরবরাহে সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক। এতে সংকট হয়েছে আরও তীব্র।যদিও চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ৯ মাসে সরকার নির্ধারিত  দাম বেড়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া চলতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উৎপাদন, সরবরাহসহ সব পর্যায়ে কমিশন বাড়িয়েছে। এরপরও ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে।চলতি মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। কিন্তু খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৬০০ টাকায়।পরিবেশকদের অভিযোগ, কোনো কোনো কোম্পানি কারখানা থেকেই নির্ধারিত দরের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছে। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও রয়েছে। আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, জাহাজ ভাড়া, বীমা ও আমদানি ব্যয় বেড়েছে।

এলপিজির বেশি দাম নিয়ে সংসদে জরুরি আলোচনার জন্য গত সোমবার নোটিশ দেন বিরোধী দলের পাঁচ সংসদ সদস্য। তাদের অভিযোগ, ভোক্তা ও সংশ্লিষ্ট পক্ষের মত না নিয়েই দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে। মূল্য নির্ধারণের প্রক্রিয়া প্রকাশ্যে আনা এবং বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম সমকালকে বলেন, এলপিজি খাত পুরোপুরি বেসরকারি খাতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। বিইআরসিও গ্রাহক স্বার্থ দেখছে না। ব্যবসায়ীদের চাপে বারবার দাম বাড়াচ্ছে। বাজার তদারকিতেও তাদের জোরালো ভূমিকা নেই। ফলে দিন দিন জনগণের নাগালের বাইরে যাচ্ছে সিলিন্ডার গ্যাস।যমুনা এলপিজির ব্যবস্থাপনা সম্পাদক বেলায়েত হোসেন জানান, বিশ্বজুড়ে কাঁচামালের সংকট চলছে। আর যতটুকু আমদানি করা হচ্ছে, তার পুরোটাই সরবরাহ করা হচ্ছে। এটা মজুতের কোনো সুযোগ নেই। জাহাজ আটকে রাখলে বাড়তি জরিমানা গুনতে হয়।

দাম বেড়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ

গত মার্চে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ছিল এক হাজার ৩৪১ টাকা। নভেম্বরে তা বেড়ে হয়েছে দুই হাজার ৬০ টাকা। শুধু নভেম্বরেই দাম বেড়েছে ২২৩ টাকা, ৫৩ দশমিক ৬ শতাংশ। যদিও কখনোই সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার গ্যাস মেলে না। সব সময় ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে হয় গ্রাহককে। বড় সিলিন্ডারে বাড়তি খরচের পরিমাণ আরও বেশি। তবে পাঁচ-ছয় মাস ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০-৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে বাধ্য হচ্ছেন ব্যবহারকারীরা।

সরবরাহ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার জন্য কোম্পানিগুলোর মূল্যনীতি ও সরবরাহ ব্যবস্থাকে দায়ী করছেন পরিবেশকরা। পরিবেশক সমিতির এক নেতা অভিযোগ করেন, কোনো কোনো কোম্পানি কারখানা থেকে ১২ কেজির সিলিন্ডার দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করছে। অথচ চালান বা মেমোতে দাম দেখাচ্ছে এক হাজার ৯০৫ টাকা। ফলে পরিবেশকদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।এ বিষয়ে গত ২১ সেপ্টেম্বর বিইআরসির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে পরিবেশকদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। অভিযোগে সংগঠনটি জানায়, অপারেটর কোম্পানিগুলো কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডিলারদের কাছে এলপিজি বিক্রি করছে। অথচ প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও হয়রানির শিকার হচ্ছেন কেবল প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা।তবে আমদানিকারকরা গ্রাহক পর্যায়ে অতিরিক্ত দামের জন্য পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটকে দায়ী করেছেন। এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, অপারেটররা বিইআরসি নির্ধারিত দামেই গ্যাস সরবরাহ করছে। পরিবেশক ও খুচরা বিক্রেতারা বেশি দাম নিচ্ছেন।জ্বালানি বিভাগের এক কর্মকর্তার মতে, কয়েকটি বড় প্রতিষ্ঠান আমদানি করে অন্য অপারেটরদের কাছে এলপিজি বিক্রি করছে। ওই অপারেটররা আবার লাভ রেখে বাজারজাত করছে। ফলে আমদানি থেকে গ্রাহক পর্যন্ত একাধিক পর্যায়ে মুনাফা যুক্ত হচ্ছে। এতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, কিছু খুচরা বিক্রেতা আমদানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি সিলিন্ডার না কিনে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে কিনছেন। এতে দাম বাড়ছে। কমিশনের কাছে এ ধরনের তথ্য রয়েছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তদন্তের নির্দেশ দেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তথ্য-প্রমাণসহ প্রতিবেদন দিতে বলেন তিনি। এ বিষয়ে এখনও পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে পারেনি জ্বালানি বিভাগ।এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাম্প্রতিক এক প্রতিবেদনে পাঁচটি শীর্ষ কোম্পানির বিরুদ্ধে সরবরাহ সীমিত রাখার অভিযোগ তোলা হয়। এসব অভিযোগ তদন্তের সুপারিশও করা হয়।এসব পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে এলপিজি বাজারে আমদানি ও বিক্রির হিসাব খতিয়ে দেখতে তৎপর হয় বিইআরসি। কৃত্রিম সংকট তৈরি ও সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি টাকায় বিক্রির অভিযোগ তদন্তে ৩ অক্টোবর ১২টি আমদানিকারক কোম্পানির কাছে সেপ্টেম্বর মাসের আমদানি ও প্রকৃত বিক্রির হিসাব চেয়ে চিঠি দেয় কমিশন।বিইআরসি সূত্র জানায়, ৪ অক্টোবরের মধ্যে ১১টি কোম্পানি জবাব দিলেও এনবিআরের আমদানির হিসাবের সঙ্গে তাদের বিক্রির তথ্যে বড় ধরনের গরমিল পাওয়া যায়। কয়েকটি কোম্পানি আমদানির তুলনায় বাজারে বিক্রির পরিমাণ অনেক কম দেখিয়েছে। এ ঘটনায় আমদানি করা গ্যাস বাজারে না ছেড়ে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠে। পরে হিসাবের গরমিলের ব্যাখ্যা চেয়ে চারটি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিইআরসি।

কমিশনের এই নজরদারির পর সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দাম নেওয়া কয়েকটি কোম্পানি এলপিজির দাম কমাতে বাধ্য হয় বলে সূত্র জানায়।এদিকে বাজারে সরবরাহ বাড়াতে অপারেটরদের আমদানি বাড়ানোর নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। গত ৯ নভেম্বর মন্ত্রণালয়ে ২৪টি অপারেটরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ফেব্রুয়ারির আগেই প্রতি মাসে অন্তত দুই থেকে আড়াই লাখ টন এলপিজি আমদানির প্রস্তুতি নিতে বলা হয়। আমদানি-সরবরাহে কয়েক প্রতিষ্ঠানের আধিপত্য দেশে ৩৫টি প্রতিষ্ঠানের এলপিজি ব্যবসার লাইসেন্স রয়েছে। এর মধ্যে ২৩টির আমদানির অনুমতি ও অবকাঠামো রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে আমদানি করে ১৬টি প্রতিষ্ঠান। বিইআরসির তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে মোট আমদানি হয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ৬৯৫ টন। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠান ইউনাইটেড আইগ্যাস, মেঘনা ফ্রেশ এলপিজি, ওমেরা পেট্রোলিয়াম, বিএম এনার্জি ও যমুনা স্পেসটেক আমদানি করেছে প্রায় ১২ লাখ ৩১ হাজার টন। অর্থাৎ মোট আমদানিতে তাদের অংশ প্রায় ৭১ শতাংশ। বিইআরসির আরেক হিসাব বলছে, সাত প্রতিষ্ঠানের হাতে রয়েছে মোট আমদানির ৮৬ শতাংশ। অর্থাৎ আমদানির বড় অংশই অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে।দেশে মাসিক চাহিদা গড়ে দেড় লাখ টনের বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে এলপিজি আমদানি হয়েছিল এক লাখ ৫৭ হাজার ৭৬০ টন এবং সেপ্টেম্বরে এক লাখ ৫৬ হাজার টন।