→ কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা→ ৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা→ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের→ পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার→ প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন
No icon

প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আজ মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিবেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তবে সম্মেলনের ফাঁকে আয়োজিত এই সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তির বিষয় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। পররাষ্ট্র সচিব বলেন, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন। এ প্রেক্ষাপটে, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিযোজন সংক্রান্ত অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর দেওয়া জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। এ ছাড়া, সম্মেলনের গ্রিন জোন -এ একটি পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোন -এ দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর সৃষ্ট বিশেষ ঝুঁকির বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের গুরুত্ব তুলে ধরতে চায় বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ অংশগ্রহণ জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।ব্রিফিংয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ক) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।