আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতেট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরুতাপমাত্রা নিয়ে নতুন তথ্যআজ ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূতশিল্পে গ্যাস সংকট দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর
No icon

শিল্পে গ্যাস সংকট দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শিল্প খাতে চলমান তীব্র গ্যাস সংকট নিরসনে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংকট সমাধানে গঠিত উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় আকস্মিক উপস্থিত হয়ে এ নির্দেশ দেন তিনি। বস্ত্র কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিটিএমএ আরও জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সমস্যা শুনেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানে কার্যকর পথনকশা তৈরির তাগিদ দিয়েছেন। অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে।বস্ত্রশিল্পের সমস্যা নিয়ে গত ২২ জুলাই বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সমস্যা সমাধানের প্রস্তাব প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে গতকাল উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠক শুরু হয়। এতে সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে সভায় যোগ দেন। তিনি উদ্যোক্তাদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং শিল্প উৎপাদন সচল রাখতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বিটিএমএর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার প্রমুখ।বিটিএমএ সভাপতি সভায় খাতের প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, শিল্পে চলমান গ্যাস সংকট নিরসনে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। সভা শেষে শওকত আজিজ রাসেল সাংবাদিকদের বলেন, আগে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সংকট সমাধানে বর্তমান সরকারের আন্তরিকতা দেখা যাচ্ছে। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায়-কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান তিনি।গ্যাস সরবরাহ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় গত মঙ্গলবার বিজিএমইএ ও বিকেএমইএ পৃথক চিঠির মাধ্যমে সিএনজি ফিলিং স্টেশন থেকে ক্যাসকেড সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সংগ্রহের অনুমতি চেয়ে সরকারকে চিঠি দিয়েছে।