নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবাই প্রতিজ্ঞাবদ্ধ।শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।এবার আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে দাবি করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সব মিলিয়ে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ, গ্রহণযোগ্য করতে সহযোগিতা করতে হবে।তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কথা রেখেছে। তারা তাদের পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছে।
দলীয় প্রধানদের কটাক্ষমূলক বক্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, দেশে ভোটযুদ্ধ চলছে। এই যুদ্ধের মাঠে প্রতিটি দলের প্রধান যে বক্তব্য রাখছেন, তা নির্বাচনের নিজ নিজ রাজনৈতিক কৌশলমাত্র। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নেই। তবে সব পক্ষই শান্ত থেকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে, এটি আমরা কামনা করছি।এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও জেলার ৬টি সংসদীয় আসনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুর রহমানেল মাছউদ। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পীরগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেক রকম বার্তা বা গুজব আসতে পারে। এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনার বার্তা একটা সুন্দর ভোট করা।জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় রংপুরের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।