→ ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া?→ ইরানে আজই নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র→ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী→ শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি→ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
No icon

গাজায় এতিম শিশু ও বিধবার সংখ্যায় রেকর্ড

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এতিম শিশু ও বিধবার সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গাজার সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ৫৪ হাজার ৪৬৮ শিশু তাদের বাবা-মায়ের একজন বা দুজনকেই হারিয়েছে।মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, গাজায় অন্তত ৬৪ হাজার বিধবা ও ৭১ হাজার এতিম শিশু রয়েছে। এদের মধ্যে আগের ইসরায়েলি হামলায় স্বজন হারানো ব্যক্তিরাও রয়েছেন। প্রায় তিন হাজার শিশুর কোনো নিবন্ধিত অভিভাবক বা পরিচর্যাকারী নেই। যুদ্ধের কারণে বাস্তুচ্যুতি, দারিদ্র্য ও আশ্রয়ের সংকটে এসব শিশুর শিক্ষা ব্যাহত হচ্ছে। স্বজন হারানো অনেক নারী একাই সন্তানদের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন। পর্যাপ্ত আয় না থাকায় অনেক পরিবারের পক্ষে প্রতিদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

পশ্চিম তীরে ব্যাপক ইসরায়েলি অভিযান

এরই মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার অধিকৃত অঞ্চলটির হেবরন শহরে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এ অভিযান শুরু হয়। শহরের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি ভবনও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।গতকাল  পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস, জেনিন, তুবাস, কালকিলিয়াসহ অন্তত ১৫টি শহর ও জনপদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার সড়ক ও চেকপোস্ট। ফলে ফিলিস্তিনিদের চলাচল, চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।হেবরনে একটি তিনতলা ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটির বাসিন্দাদের মালপত্র সরিয়ে নেওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়। এ ছাড়া শহরের আইন দেইর বাহা এলাকা ও আশপাশের কয়েকশ ফিলিস্তিনি পরিবারকে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল জালদা এলাকার প্রায় ২০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালানোর ঘোষণা দেন। হেবরনে নিরাপত্তাবেষ্টনী তৈরি এবং পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশও দেন তিনি।