ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, ঢাকা শহরে আড়াই ডেসিমেল বা আড়াই শতাংশের নিচে কোনো ভবন করার সুযোগ নেই; কিন্তু রাজধানীতে এক শতাংশের কম পরিমাণ জায়গাতে উঠে গেছে একটা তিনতলা ভবন; যার কোনো অনুমোদন বা ছাড়পত্র নেই। ফলে রাজধানীর মধ্যে এভাবে অবৈধ ভবন গড়ে উঠায় প্রশ্ন উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নজরদারি নিয়ে।সংশ্লিষ্টরা বলছেন, রাজউকের প্রধান কাজ রাজধানীকে বাসযোগ্য করতে পরিকল্পিত উন্নয়ন এবং অবৈধ উন্নয়ন নিয়ন্ত্রণ করা; কিন্তু কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে গড়ে উঠছে অতিঝুঁকিপূর্ণ ভবনটি। যদিও রাজউক চেয়ারম্যান বলেছেন, অনুমোদন ছাড়া এখন যেসব ভবন গড়ে উঠছে, সেগুলো সেটব্যাক না থাকলে কোনোভাবেই ব্যবহারের ছাড়পত্র পাবে না। সেখানে পাবে না অন্যান্য সার্ভিস (বিদ্যুৎ, গ্যাস, পানি) সংযোগও। কিন্তু একশ্রেণির অসাধু কর্মকর্তারা অবৈধ ভবন মালিকদের পরামর্শ দিয়ে চোখের সামনেই অবৈধ নির্মাণকাজ করে যাচ্ছে।
জানা গেছে, রাজধানীর শাহজাদপুর ক-৫৯/২-এর একটি অবৈধ ভবনের ক্ষেত্রে এক শতাংশেরও কম জায়গায় কোনো ছাড়পত্র এবং অনুমোদন ছাড়াই রাজউক কর্মকর্তাদের চোখে ধুলা দিয়ে দ্রুততার সঙ্গে একটি তিনতলা ভবন নির্মাণ করে ফেলেছেন সাদিয়া বিনতে মোমেন (মোসা. সাদিয়া আক্তার)। এই এলাকা পড়েছে রাজউকের জোন-৪/২-এ। অবৈধ ভবনটির পাশে বসবাসকারী রাস্তা দখল করে নির্মাণ শুরু করা শাহজাদপুুর ক-৫৯/২-এর কাজ বন্ধ করতে রাজউকের কাছে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর একটি লিখিত আবেদন করেন। এ ছাড়া গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও করেন; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।রাজউকের নগর পরিকল্পনা শাখার তথ্যমতে, রাস্তার দৈর্ঘ্য যা-ই থাকুক, এক শতাংশ জায়গাতে কোনোভাবেই ভবন নির্মাণের অনুমোদন পাবে না। বিধিমালাতে স্পষ্ট আছে, কমপক্ষে আড়াই শতাংশ জায়গা লাগবে।অবৈধভাবে নির্মাণ করা এই ভবনের পাশে ক-৭১/৩/এ-এর বহুতলের ফ্ল্যাট বসবাসকারী রাজউকে লিখিত অভিযোগ করেও আটকাতে ব্যর্থ হয়েছেন অবৈধ ভবন নির্মাণ। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফ্ল্যাটের বাসিন্দারা আমাদের সময়কে জানান, রাজউকে লিখিত অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ দিয়েছি। সবাই অভিযোগ পেয়ে টেবিলেই রেখে দিয়েছে। চোখের সামনে একটা অবৈধ ভবন হয়ে গেল, রাজউক কিছুই করল না।
লিখিত অভিযোগে তারা বলেন, প্রথমে মালিক এটি বহুতল নির্মাণের চেষ্টা করেও আমাদের বাধার কারণে করতে পারেনি। পরে সাদিয়া বিনতে মোমেন (মোসা. সাদিয়া আক্তার) সবাইকে ম্যানেজ করে বহুতল নির্মাণের কাজ শুরু করেন। একটি ভবনের দেয়াল ঘেঁষে এবং উত্তর-দক্ষিণের সরকারি ২০ ফুট রাস্তা দখল এবং পূর্ব পশ্চিমের ১২ ফুট রাস্তার ৩ ফুট দখল করে নির্মাণ করেন। এই ভবনের কারণে এখন আমাদের বাস করা কঠিন হয়ে যাবে।অবৈধভাবে নির্মাণ করা ওই ভবনের পাশের বাসিন্দারা জানান, ইমারত পরিদর্শক রাকিব উদ্দিনের কাজ ছিল ভবন নির্মাণটি বন্ধ করা; কিন্তু তিনি বন্ধ না করে উপরন্তু ভবন নির্মাণে সহযোগিতা করেছেন।এ বিষয়ে জানতে চাইলে রাকিব উদ্দিন বলেন, আমরা তাকে চিঠি দিয়ে নির্মাণ বন্ধ রাখতে বলেছি। এখন রাতে কাজ করলে আমরা কী করব। আমাদের অফিস টাইমের বাইরে যদি কেউ কাজ করে, সেটা দেখার দায়িত্ব আমাদের না। আপনার পরামর্শে নির্মাণকাজ হচ্ছে বলে অভিযোগ রয়েছে এমন প্রশ্নের জবাবে রাকিব উদ্দিন বলেন, প্রশ্নই আসে না। আমি কাকে পরামর্শ দেব। এটা মনগড়া কথা। পারলে নিউজ করে দেন।গত ১৭ অক্টোবর কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর একটি নোটিশের মাধ্যমে অননুমোদিত ইমারতের নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক কর্তৃক নির্মাণকাজটি বন্ধ রাখতে বললেও আপনি/আপনারা কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় আলোচ্য প্লটের নির্মাণকাজটি অবিলম্বে বন্ধ করে আগামী সাত দিনের মধ্যে অনুমোদিত নকশাবহির্ভূত স্থাপনা অপসারণ করে নিম্নে স্বাক্ষরকারীর কাছে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হলো। ব্যর্থতায় আপনার বিরুদ্ধে ইমারত নির্মাণ বিধিমালা/ইমারত নির্মাণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নোটিশ জারির পর রাতে-দিনে অধিক লোক লাগিয়ে ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে ভাড়ার জন্য টু-লেট টাঙিয়ে দিয়েছেন নির্মাণকারী সাদিয়া আক্তার। সেখানে বাণিজ্যিক ভাড়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সরেজমিন দেখা গেছে, অফিস ভাড়া হবে নোটিশ ঝুলছে ভবনের গায়ে।অভিযোগ দেওয়ার পরও কীভাবে অবৈধ নির্মাণকাজ করে জানতে চাইলে অথরাইজড অফিসার মো. হাসানুর রেজা বলেন, আমরা প্রথমে নোটিশ দিয়ে তাকে সতর্ক করেছি এবং কাজ বন্ধ রাখতে বলেছি; কিন্তু পূজার ছুটিতে যাওয়ার পর ওরা হয়তো কাজ করেছে। এরপর সরেজমিন পরিদর্শক পাঠিয়ে আবার চূড়ান্ত নোটিশ দিয়েছি।এত কম জায়গায় কীভাবে একটা ভবন হয় জানতে চাইলে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, এসব ভবন কোনোভাবেই ব্যবহার ছাড়পত্র বা অকুপেন্সি পাবে না। ছাড়পত্র না পেলে ভাড়াও দিতে পারবে না। তা ছাড়া রাজউকের কারও গাফিলতি পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।অবৈধ ভবন নির্মাণের বিষয় জানতে সাদিয়া আক্তারের ব্যবহৃত মোবাইলফোনে যোগাযোগ করা হলে রায়ান নামে একজন তার ছেলে পরিচয়ে কথা বলেন। তিনি জানান, ভবনের ভাড়া হয়ে গেছে। সাদিয়া আক্তার আছে কিনা জানতে চাইলে বলেন, তিনি অফিস থেকে এসেছেন, বিশ্রামে আছেন, কথা বলবেন না। ভবন নির্মাণে রাজউকের কোনো অনুমোদন বা ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে, তখন পাশ থেকে একজন বলে দেন, বল আমরা আবেদন করেছি। তখন রায়ান বলেন, আমরা রাজউকে আবেদন করেছি। এরপর বলেন, আমরা ভাড়া দেইনি, নিজেরাই পার্লার দিয়েছি। অনুমোদনের বিষয়ে আর কোনো জবাব দেননি।