→ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানা গেল পূর্বাভাসে→ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানা গেল পূর্বাভাসে→ স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী→ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন→ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
No icon

পুলিশ হত্যায় শহীদ-সবুজ বাহিনীর নাম

নারায়ণগঞ্জ সদরে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় মাদক ব্যবসায়ী শহীদ-সবুজ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন, এ বাহিনীর ক্যাডাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যাসহ চাঁদাবাজি, সন্ত্রাস এমনকি স্থানীয় সংসদ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ থাকলেও স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া।গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য সংগ্রহ করতে গিয়ে খুন হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে।রোববার রাতে হাশেমবাগের রাস্তার পাশের মাঠ থেকে আনোয়ার মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বুকের বাম পাশে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল। যে মাঠে লাশটি পড়ে ছিল, তার দুই দিকে দুটি দোতলা এবং অন্য পাশে অর্ধসমাপ্ত তিনতলা বাড়ি। আরেক পাশে একটি মিনি গার্মেন্ট কারখানা।

গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থলে গেলে আশপাশের বাড়ি বা কারখানার কেউ কথা বলতে রাজি হননি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর পাওয়া যায় এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধকে। ঘটনার সময় তিনি মাঠটির পাশে অবস্থিত দোকান থেকে সদাই কিনতে এসেছিলেন। এই ব্যক্তি জানান, ঘটনার সময় তিনি দেখেন একটা লোক মাটিতে পড়ে আছে। তাঁকে শহীদ বাহিনীর লোকজন ইচ্ছামতো লাথি দিচ্ছে আর বলছে, তুই পুলিশ হইলে কার্ড দেখা। কিয়ের তুই পুলিশ? শালা ফরমা (ইনফরমার)। কিছুক্ষণ পরে এরা চলে যায়। তারা হচ্ছে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ, ভাগনে কামাল ওরফে কামাল হোসেন, চক্ষু হৃদয়, জর্দা রাসেল, রাব্বি, তানজীল ও সুমন।তিনি আরও বলেন, বাড়িতে যাওয়ার সময় ঘটনাস্থলের উত্তর দিকে দেখি শহীদ-সবুজ বাহিনীর বাপ্পী শিকদার, বাপ্পী, মহসিন, হান্নান, শাকিল, মুরগী রনিসহ আরও দশ-বারোজন ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল। এর কিছুক্ষণ পরে পুলিশ এলে জানতে পারি, এরা একজন পুলিশকে হত্যা করেছে।অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহত কনস্টেবল আনোয়ার মোল্লা এএসআই আব্দুস সাত্তারের সঙ্গে গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তারি পরোয়ানা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন। এ সময় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি দল তাদের চিনে ফেলে। এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে এএসআই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লার ছেলে। সিসি ক্যামেরা লাগালেই ভেঙে ফেলে সন্ত্রাসীরা ঘটনাস্থলের দক্ষিণে অল্প দূরে বায়তুন নূর মহিলা মাদ্রাসা। এর পাশে কথা হয় এক নারীর সঙ্গে। তিনি বলেন, অন্য যে কোনো মহল্লায় গেলে আপনি প্রচুর সিসি ক্যামেরা দেখতে পাবেন। কিন্তু এ মহল্লায় কয়টা সিসি ক্যামেরা দেখতে পেয়েছেন? শহীদ-সবুজের লোকজন এখানে মাদকের ব্যবসা করে। সিসি ক্যামেরা লাগালে তাদের এসব ব্যবসার অসুবিধা হয়। এলাকায় অনেক প্লটে বাড়িঘর হয়নি। এসব জায়গা এদের আস্তানা। তবে তাদের নিজস্ব সিসি ক্যামেরা রয়েছে বিভিন্ন পয়েন্টে। কথা হয় নৌবাহিনীর সাবেক স্টোর কিপার গোলাম মোস্তফার সঙ্গে। আত্মীয়স্বজনের সঙ্গে মিলে তিনি এখানে বাড়ি করেছেন। বাড়ি এখনও সম্পূর্ণ হয়নি। তিনি জানান, আমাদের সিসি ক্যামেরা নষ্ট। কোনো রেকর্ড হয়নি। এলাকা সারাক্ষণ মাদক ব্যবসায়ীদের দখলে থাকে। তাদের কারণে এলাকার বাড়িঘর ভাড়া হয় না। রাতে তো বটেই, দিনেও মানুষ এ এলাকায় আসতে ভয় পায়। পুলিশ মাঝে মাঝে আসে, কিন্তু লাভ হয় না। গত এক বছরে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ১১টি ছোট-বড় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ ও এসআরবির একাধিক সদস্য আহত হয়েছেন। হামলার সময় আসামি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার বড় অংশ হাশেমবাগ, বাংলাবাজার ও মাসদাইর এলাকার।