কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির কারণে সৃষ্ট নজিরবিহীন সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
বুধবার প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের এক প্রবন্ধে তিনি সতর্ক করে বলেন, এআই মানব ইতিহাসের অন্যতম অস্থির সময়ের সূচনা করছে। সঠিকভাবে ব্যবহৃত হলে এটি বৈষম্য কমানোর সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি হতে পারে, আবার ভুল ব্যবহারে বড় ধরনের অবিচারের উৎসও হতে পারে।
গেটসের মতে, এআই প্রযুক্তির অগ্রগতি যে গতিতে হচ্ছে, আগের কোনো প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তার সরাসরি তুলনা চলে না। কিন্তু বিশ্বনেতারা এ পরিবর্তনের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় এখনো যথেষ্ট প্রস্তুতি নিচ্ছেন না। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, করব্যবস্থা, নির্বাচন, জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাসহ সমাজের প্রায় সব ক্ষেত্রেই এআই বড় পরিবর্তন আনতে পারে।
এ পরিস্থিতিতে এআই উন্নয়ন ও গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত দেশগুলোকে দ্রুত আলোচনায় বসে অভিন্ন নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন গেটস। তাঁর মতে, প্রতিযোগিতামূলক চাপ আরও বেড়ে যাওয়ার আগে এ বিষয়ে আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। এমন ব্যবস্থা তৈরিতে কয়েক বছর সময় লাগতে পারে, তাই এখনই কাজ শুরু করা জরুরি।
এআইয়ের কারণে ব্যাপক কর্মসংস্থান সংকটের আশঙ্কার কথাও তুলে ধরেছেন গেটস। তিনি কিছু পেশা মানুষের জন্য সংরক্ষিত রাখার ধারণা দিয়েছেন, বিশেষ করে যেখানে মানুষের সহমর্মিতা, বিচারবোধ ও ব্যক্তিগত যোগাযোগ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এআইয়ের কারণে শ্রমবাজারে পরিবর্তন মোকাবিলায় করব্যবস্থা সংস্কার ও কর্মীদের পুনঃপ্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন গেটস। তাঁর মতে, এআই একদিকে মানুষের শেখার সুযোগ বাড়াতে পারে, অন্যদিকে অতিরিক্ত নির্ভরতা মানুষের সমালোচনামূলক চিন্তার সক্ষমতা কমিয়ে দিতে পারে। পাশাপাশি অপরাধী চক্রের হাতে এআইয়ের অপব্যবহার, সাইবার হামলা এবং অন্যান্য নিরাপত্তাঝুঁকিও বাড়তে পারে।
গেটস বলেন, এআইয়ের ঝুঁকি শুধু কোনো একটি দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। বিশেষ করে বিশ্বের দুই প্রধান এআই শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কিছু সহযোগিতা প্রয়োজন। এআইয়ের সম্ভাব্য ক্ষতি নিয়ন্ত্রণে দুই দেশের পাশাপাশি অন্যান্য প্রযুক্তি-সমৃদ্ধ দেশগুলোকেও অভিন্ন নীতি ও নিরাপত্তা কাঠামো তৈরিতে এগিয়ে আসতে হবে।
বিল গেটসের এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন বিশ্বজুড়ে এআইয়ের দ্রুত প্রসার নিয়ে কর্মসংস্থান, বৈষম্য, নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে বিতর্ক বাড়ছে। তাঁর বক্তব্যের মূল বার্তা—এআইয়ের পরিবর্তন আসার পর এর ক্ষতি সামাল দেওয়ার পরিবর্তে এখনই এর জন্য প্রস্তুতি নেওয়া।