কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় জীবিত রোগীর মস্তিষ্কে বিশ্বে প্রথম সফল অস্ত্রোপচার হয়েছে যুক্তরাজ্যে। লন্ডনের ন্যাশনাল হাসপাতাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারির চিকিৎসকরা ৪৮ বছর বয়সী রাইস হিবার্টের পিটুইটারি গ্রন্থির ১১ মিলিমিটার আকারের অ-ক্যানসারাস টিউমার অপসারণ করেন। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার না হলে টিউমারের চাপে তার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা ছিল।
বেডফোর্ডশায়ারের দুই সন্তানের বাবা হিবার্টের অস্ত্রোপচারটি গত মে মাসে করা হয়। এআই প্রযুক্তিটি অস্ত্রোপচারের সময় সরাসরি ভিডিও বিশ্লেষণ করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ স্নায়ু ও রক্তনালির অবস্থান শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করে। ফলে ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে টিউমার অপসারণ করা সম্ভব হয়।
হিবার্টের টিউমারটি শনাক্ত হয় ২০২৪ সালে। হাঁটার সময় হঠাৎ অচেতন হয়ে খিঁচুনি শুরু হলে পরীক্ষা করে টিউমারটি ধরা পড়ে। পরে টিউমারের চাপে তার পার্শ্বীয় দৃষ্টিশক্তি কমে যায়। হাঁটার সময় বিভিন্ন জিনিসে ধাক্কা খাওয়া, মাথা ঘোরা ও অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যাও দেখা দেয়।
অস্ত্রোপচারে নাক দিয়ে সরু ক্যামেরা প্রবেশ করিয়ে খুলির গোড়ায় টিউমারে পৌঁছান চিকিৎসকরা। এআই লাইভ ভিডিও বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ শারীরিক কাঠামো চিহ্নিত করার পাশাপাশি তুলনামূলক নিরাপদ অংশ শনাক্ত করতে সহায়তা করে। তবে অস্ত্রোপচারের পুরো নিয়ন্ত্রণ ছিল চিকিৎসকদের হাতে।
গবেষকরা শত শত পিটুইটারি টিউমার অস্ত্রোপচারের ভিডিও ব্যবহার করে এআই ব্যবস্থাটিকে প্রশিক্ষণ দিয়েছেন। তাদের লক্ষ্য, ভবিষ্যতে জটিল অস্ত্রোপচারে এআইকে একজন বিশেষজ্ঞের ‘দ্বিতীয় চোখ’ হিসেবে ব্যবহার করা।
অস্ত্রোপচারের পর হিবার্টের দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি জানিয়েছেন, আগের মতো ক্লান্তি ও অন্যান্য সমস্যাও আর নেই। চিকিৎসকদের মতে, এই সাফল্য জটিল মস্তিষ্ক অস্ত্রোপচারে এআই ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে প্রযুক্তিটির নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
সূত্র : বিবিসি, ইউসিএলএইচ