আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের ৯ বছর: অনিশ্চিত প্রত্যাবাসন, মিয়ানমারের পুরনো বাহানাফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএনরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
No icon

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। তার কাছে ভারতের একটি আধার কার্ডও ছিল বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ডেভিড ইমন ও তার সহযোগীরা চট্টগ্রাম ছেড়ে প্রথমে ঢাকায় যান। সেখানে তারা পোশাক পরিবর্তন করেন, ব্যবহৃত গাড়ি বদলান, এমনকি চালকও পরিবর্তন করেন। এরপর খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সম্ভাব্য রুটে আগে থেকেই চেকপোস্ট বসানো থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তারা ধরা পড়েন।

পুলিশ সুপার বলেন, ‘ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড পাওয়া গেছে। ভারতে পৌঁছে নিরাপদে বসবাসের প্রস্তুতির অংশ হিসেবেই বড় সাজ্জাদ তাঁকে এই কার্ড দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। সেখানে ভারতের নাগরিক পরিচয়পত্রের আদলে একটি ছবি, জন্মতারিখ ও পরিচয় নম্বর রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও প্রয়োজনীয় তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেলে ভুয়া পরিচয়ে আত্মগোপনের পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে আধার কার্ডটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর সঙ্গে আর কারা জড়িত এবং সীমান্ত পাড়ি দেওয়ার পুরো নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে।

তবে আধার কার্ডটি সত্যিই বৈধ কি না, কিংবা ডেভিড ইমন এটি ব্যবহার করেছেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।