‘আওয়ারাপন ২’ সিনেমার সাফল্য নিয়ে যখন দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, তখনই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। পরীক্ষার পর জানা গেছে, তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।জানা গেছে, কাজের কারণে সম্প্রতি ভারতের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়েছে অভিনেতাকে। রাঁচিতে শুটিং শেষ করে মুম্বাই ফেরার পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হলে তার শরীরে সোয়াইন ফ্লুর সংক্রমণ ধরা পড়ে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে আছেন ইমরান। পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতাও মেনে চলছেন তিনি। অসুস্থতার কারণে বেঙ্গালুরুতে নির্ধারিত একটি অনুষ্ঠানও পিছিয়ে দিতে হয়েছে। অনুষ্ঠানটি বাতিল না করে নতুন তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ইমরানের অভিনীত ‘আওয়ারাপন ২’ মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। সিনেমাটি বক্স অফিসেও সাফল্য অর্জন করেছে। ২০০৭ সালের জনপ্রিয় ‘আওয়ারাপন’ সিনেমার পর তৈরি এই দ্বিতীয় কিস্তিতে ইমরানের পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমিসহ আরও অনেকে।