বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান একজন জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার। নিখুঁত কাজের প্রতি তার অসাধারণ একাগ্রতার কারণে তিনি এই উপাধি পান। তিন দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি বহু ব্যবসাসফল ও সামাজিক সচেতনতামূলক সিনেমায় অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবনে আমির খান দুইবার বিয়ে করেছিলেন, তবে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি নতুন সম্পর্কে রয়েছেন। সম্প্রতি ৬০তম জন্মদিনে তিনি নিজেই তার নতুন সম্পর্কের কথা প্রকাশ করেন। জানা গেছে, আগামী ৫ জুলাই তিনি প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
এদিকে সম্প্রতি ‘লগান’ সিনেমার মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক আশুতোষ গোয়ারিকরসহ ছবির কলাকুশলীরা। অনুষ্ঠানে বলিউড তারকা সালমান খান, কারিনা কাপুর খান, কাজল, জুহি চাওলা প্রমুখও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আমির খান তার প্রেমিকা গৌরী স্প্যাটকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। দীর্ঘদিন পর তার এই প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ডিভোর্স হলেও আমির খানের সঙ্গে তার সাবেক স্ত্রী কিরণ রাও ও রিনা দত্তের সম্পর্ক ভালো রয়েছে। তারা দুজনই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী কাজলও সেখানে ছিলেন। মঞ্চে দাঁড়িয়ে কাজল আমির খান সম্পর্কে বলেন, তার প্রযোজনা সংস্থা যেমন সিনেমা বাছাইয়ে অসাধারণ, তেমনি ব্যক্তিগত জীবনেও তার রুচি প্রশংসনীয়। নারীদের পছন্দের ক্ষেত্রেও ওর রুচি ভালো।