মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ কোর্স শেষ করে সনদ ডাউনলোড করতে বলা হয়েছে।শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। মঙ্গলবার মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে।মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি পাওয়া যাবে। শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশন করে কোর্সে যুক্ত হতে পারবেন।প্রশিক্ষণ কোর্সটিতে মোট ছয়টি মডিউল রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রমটি সম্পন্ন করার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।ছয়টি মডিউল ও নির্ধারিত শ্রেণি কার্যক্রম শেষ করার পর শিক্ষকরা মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষরিত সনদ অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।