→ চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা→ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে কঠোর পদক্ষেপ চায় সংসদীয় কমিটি→ যেসব অঞ্চলে টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা বেশি→ মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু→ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই
No icon

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব মূল্যস্ফীতিতে

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। আগস্টে কমার পর সেপ্টেম্বরে দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। এ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বাড়লেও খাদ্যবহির্ভূত পণ্যে সামান্য কমেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বুধবার প্রকাশিত ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও শিল্প উৎপাদন সূচকের (আইআইপি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ, যা আগস্টে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

গ্রাম ও শহর উভয় এলাকায়ই সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। গ্রামে এ হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। শহরে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, আগস্টে যা ছিল ৮ দশমিক ২০ শতাংশ।গত ২১ সেপ্টেম্বর অকটেন, পেট্রল ও ডিজেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। এতে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়ায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৫ শতাংশে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে গত কয়েক বছর ধরেই মূল্যস্ফীতি নির্ধারিত লক্ষ্যের মধ্যে রাখা সম্ভব হচ্ছে না।গত চার অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ (২০২২-২৩), ৯ দশমিক ৭৩ শতাংশ (২০২৩-২৪), ১০ দশমিক ০৩ শতাংশ (২০২৪-২৫) এবং ৮ দশমিক ৬৮ শতাংশ (২০২৫-২৬)।

কমেছে মজুরি বৃদ্ধির হার

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বাড়লেও জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার কমেছে। এ মাসে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ০৫ শতাংশ।বিবিএসের তথ্য অনুযায়ী, কৃষি, শিল্প ও সেবা, তিন খাতেই মজুরি বৃদ্ধির হার আগের মাসের তুলনায় কমেছে।