জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি সিদ্ধান্তের আলোকে আজ রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক ও শেয়ারবাজার। এখন থেকে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। ব্যাংকে লেনদেন হবে ৩টা পর্যন্ত। শেয়ারবাজারে লেনদেন শেষের সময় আধাঘণ্টা এগিয়ে দুপুর ২টা করা হয়েছে। গতকাল সাপ্তাহিক ছুটির দিন শনিবার এ-সংক্রান্ত আলাদা নির্দেশনা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।সাধারণভাবে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন হয়।
আর লেনদেন-
পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছানোর জন্য খোলা থাকে ৬টা পর্যন্ত। সাধারণ সময়ে শেয়ারবাজারে লেনদেন হয় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত। এ ক্ষেত্রে লেনদেন শেষের সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছে। আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন হবে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন শেষের সময় এক ঘণ্টা কমার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তঃলেনদেন নিষ্পত্তির জন্য ব্যবহৃত বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময় কমানো হলো। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বা বুথ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা অপরিবর্তিত থাকবে। তবে এখনকার মতো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।জ্বালানি সংকট মোকাবিলায় গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে অফিস সময়, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় কমানোসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে আলোকে গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে।