ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রবণতা আগামীকাল শনিবারও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবারও দেশের আট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।