কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।আজ রোববার বেলা সাড়ে ১১টায় কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবরোধ করেন তারা।মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এতে যানচলাচল ব্যাহত হয়ে মহাসড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং বেলা ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা সম্পন্ন করে চিরনিদ্রায় শায়িত করা হয় অপ্রতিমকে।প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোনটি সঙ্গে নিয়ে বের হয়েছিল। সে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে পুলিশ। এর মধ্যে দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপ্রতিমের নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়।পরে ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়।