প্রিপেইড মিটার বাতিল করো, গ্রাহক হয়রানি বন্ধ করো -এমন দাবিতে রংপুর নগরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। তাদের অভিযোগ, প্রিপেইড মিটার চালুর পর আগের তুলনায় দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। পাশাপাশি মিটার রিচার্জ ও ব্যবহারে নানা ধরনের হয়রানি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বানে সাতমাথা এলাকায় এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে। পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সদস্য এবিএম মসিউর রহমান, মাহফুজার রহমান, বীথি দাস নন্দিনী, আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সবুজ রায় ও অনিন্দ্য আউয়াল বক্তব্য দেন।
কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, মানবাধিকারকর্মী আব্দুল লতিফ সরকার, প্রকৌশলী মামুনুর রশীদ, শ্রমিক নেতা আবু তাহের ও গোলাম কুদ্দুস আইয়ুব।সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। আগের তুলনায় দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বিল দিতে হচ্ছে। মিটার রিচার্জ ও ব্যবহারের ক্ষেত্রেও নানা হয়রানি পোহাতে হচ্ছে।পলাশ কান্তি নাগ অভিযোগ করেন, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের মতামত উপেক্ষা করছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতির দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। সমাবেশ থেকে অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিলের দাবি জানানো হয়।