বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমিরটস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবেবিপুল জ্বালানি তেল নিয়ে দেশে আসছে ৪ ট্যাংকারপাম্পে দীর্ঘ সারি থেকে সড়কে নিত্য দুর্ভোগ
No icon

পাম্পে দীর্ঘ সারি থেকে সড়কে নিত্য দুর্ভোগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তেলের জন্য রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দিন-রাত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি এখন নিত্যদিনের চিত্র। জ্বালানি নিতে আসা এই যানবাহনের সারি মূল সড়কে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যা পুরো শহরের যাতায়াত ব্যবস্থাকে অচল করে দিচ্ছে। কয়েক লিটার তেলের জন্য কর্মঘণ্টা বিসর্জন দিয়ে মানুষের এই অন্তহীন প্রতীক্ষা কেবল রাজধানীতেই নয়; ছড়িয়ে পড়েছে সারাদেশের মহাসড়কেও।সরেজমিন গতকাল বৃহস্পতিবার পল্টন, মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকা, তেজগাঁও, মগবাজার, আজিমপুর, নীলক্ষেত, গুলিস্তান ও মতিঝিলের ১০টি পেট্রোল পাম্প ঘুরে ৮টির সামনে গাড়ির দীর্ঘ জট দেখা যায়। কোথাও কোথাও গাড়ির সারি প্রধান সড়কের একাধিক লেন দখল করে ফেলে।মৎস্য ভবন এলাকার রমনা ফিলিং স্টেশনে সকাল থেকেই গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি চোখে পড়ে। পাম্প থেকে শুরু হয়ে শিল্পকলা পেরিয়ে প্রেস ক্লাব-পল্টন সড়কে সে সারি উঠে যায়। এতে সড়কের এক লেন পুরো বন্ধ হয়ে যায়। এতে মৎস্য ভবন, সেগুনবাগিচা, হাইকোর্ট, পল্টনসহ পুরো এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সারিতে দাঁড়িয়ে থাকা গাড়িচালক আব্দুল কাদের বলেন, ভোর সাড়ে ৫টা থেকে অপেক্ষায় আছি। এখন বেলা ১০টা, তবু  তেল পাইনি। এখানে দাঁড়িয়েই সময় যাচ্ছে। আবার রাস্তায় যানজট। উভয় দিকেই ভোগান্তি।

মতিঝিলের মধুমিতা হলের পাশের পেট্রোল পাম্পের গাড়ির সারি ইত্তেফাক মোড় পেরিয়ে গোপীবাগের দিকে চলে গেছে। এর ফলে মতিঝিলসহ দিলকুশা এলাকায় তীব্র জট সৃষ্টি করেছে। তেজগাঁও থেকে মহাখালী পর্যন্ত একাধিক পাম্প থাকায় এই এলাকায় যানজট আরও প্রকট আকার নিয়েছে। মহাখালী থেকে শুরু করে মগবাজার মৌচাক ফ্লাইওভার পর্যন্ত গাড়িগুলো গতকাল দুপুর থেকেই যানজটে আটকে থাকতে দেখা যায়। তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনের সারিতে অপেক্ষমাণ প্রাইভেট কারচালক আকবর হোসেন গতকাল বিকেল ৫টায়   বলেন, পুরো রাস্তাই গাড়ির সারিতে আটকা। সামনে-পেছনে নড়ার জায়গা নেই। মগবাজার ফ্লাইওভারের ওপর আটকে পড়া আজমেরী বাসের চালক রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যা ৬টায় বলেন, পাম্পগুলোতে প্রতিদিন ভিড় থাকে। কিন্তু গত কয়েক দিন ধরে গাড়ির সারি রাস্তা দখল করে যানজট লাগিয়ে দিয়েছে। ওই বাসের যাত্রী ইকবাল কবির বলেন, পাম্পগুলো সব রাস্তার মোড়ে। তাই যানজট বেশি হচ্ছে।এদিকে চলমান জ্বালানি তেল সংকট নিয়ে পেট্রোল পাম্পে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর নজরদারি রাখার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।