দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় দুপুরের মধ্যেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অস্থায়ী ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।শুক্রবার (১৫ মে) আবহাওয়া অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের দ্বিতীয় ভাগেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।একই সঙ্গে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের সার্বিক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।