লা লিগায় শিরোপা ধরে রাখার খুব কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা। শনিবারের ম্যাচে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তারা। শেষ সময়ে রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেসের গোলে নিশ্চিত হয় এই জয়।
এখনও চারটি ম্যাচ বাকি থাকলেও ৮৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ১৪ পয়েন্ট এগিয়ে, যদিও মাদ্রিদের একটি ম্যাচ কম রয়েছে এবং তারা রোববার এস্পানিওলের মুখোমুখি হবে। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে না পারলেই টানা দ্বিতীয় মৌসুমের জন্য চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
ম্যাচের ৮১তম মিনিটে ডান দিক থেকে মার্কাস রাশফোর্ডের বাড়ানো ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। পাঁচ মিনিট পর ফারমিন লোপেজের দারুণ পাস ধরে এগিয়ে গিয়ে নিচু শটে গোল করেন তোরেস।
এর দুই মিনিট পর কাছ থেকে হেডে একটি গোল শোধ করেন রাউল গার্সিয়া। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ওসাসুনার জন্য। পুরো ম্যাচের বেশিরভাগ সময়ই অবশ্য এগিয়ে থাকার মতো খেলেছে ওসাসুনা। বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার অসাধারণ পারফরম্যান্সই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। তিনি একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ভাসিয়ে রাখেন।
৩৫তম মিনিটে কাছ থেকে শট নিয়ে পোস্টে লাগান আন্তে বুদিমির। দুই মিনিট পর আবারও নিচের কোণে নেওয়া তার শট অল্পের জন্য রুখে দেন গার্সিয়া। ৬৯তম মিনিটেও রুবেন গার্সিয়ার শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা ওসাসুনা ৪২ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে, যা ষষ্ঠ স্থানে থাকা সেল্তা ভিগোর চেয়ে মাত্র দুই পয়েন্ট কম।