ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে সুপ্রিম কোর্টের এক বিচারপতি ভেবে ভুল করে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে ‘গার্ড অব অনার’ দিয়েছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সাহারানপুর সার্কিট হাউসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের এক বিচারপতির সার্কিট হাউসে আসার কথা ছিল। তাঁর আগমনের প্রস্তুতি হিসেবে সকালেই সেখানে অবস্থান নেয় পুলিশের একটি দল। তবে নির্ধারিত সময়ে বিচারপতি পৌঁছানোর আগেই হঠাৎ সেখানে উপস্থিত হন আসাদউদ্দিন ওয়াইসি। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা বিভ্রান্ত হয়ে বিচারপতি ভেবে তাঁকে আনুষ্ঠানিক স্যালুট বা গার্ড অব অনার প্রদান করেন। ওয়াইসিও দাঁড়িয়ে পুলিশের সেই অভিবাদন গ্রহণ করেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ওয়াইসির সার্কিট হাউসে যাওয়ার বিষয়টি তাঁর মূল কর্মসূচিতে ছিল না; তিনি অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেখানে পৌঁছান। আসন্ন ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি যৌথ সংবাদ সম্মেলন করতে সাহারানপুরে গিয়েছিলেন ওয়াইসি। তাঁর সঙ্গে ছিলেন আজাদ সমাজ পার্টির (কাঁশিরাম) প্রধান চন্দ্রশেখর আজাদ। সম্প্রতি এই দুই নেতা উত্তরপ্রদেশ নির্বাচনে একসঙ্গে লড়াই করার লক্ষ্যে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (এসপিএম) নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন।
এ ঘটনার পর এক বিবৃতিতে সাহারানপুর পুলিশ জানিয়েছে, জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) বিষয়টি তদন্তের জন্য গ্রামীণ পুলিশ সুপারকে (এসপি-রুরাল) নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, “তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অতিথি শনাক্তকরণে পুলিশের এমন বিভ্রাট ও দায়িত্বহীনতা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।উল্লেখ্য, ‘গার্ড অব অনার’ হলো সামরিক বা পুলিশ বাহিনীর একটি বিশেষ আনুষ্ঠানিক সম্মাননা, যেখানে সরকারি বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে নির্ধারিত অতিথিকে সম্মান জানাতে বাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্যালুট প্রদান করেন।