→ ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির আভাস নেই→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের
No icon

ইরানে আর হামলা না করার বার্তা ট্রাম্পের

তেহরান কিংবা ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখতে পারেন বলে জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মিলে শুরু করা এই অজনপ্রিয় সংঘাত কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলে বর্তমান ও সাবেক কর্মকর্তারা মনে করছেন। সাম্প্রতিক সময়ে তিনি কখনো নতুন হামলার মাধ্যমে যুদ্ধের তীব্রতা বাড়ানোর হুমকি দিয়েছেন, আবার কখনো সংঘাত কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর ট্রাম্প ইরানে হামলা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছেন বলে জানান। এছাড়া মধ্যপ্রাচ্যের যেসব মিত্র দেশ পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধে না জড়ানোর অনুরোধ জানিয়েছে, তাদের প্রতিও তিনি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন। গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে এখনই এটি শেষ করে দিতে পারি। কিন্তু যেসব দেশকে আমি রক্ষা করতে চাই, তাদের অনুরোধে আমরা কিছুটা দীর্ঘ ও মার্জিত পথে এগোচ্ছি।’ হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, ‘সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পই মূল স্থপতি এবং একক সিদ্ধান্ত গ্রহণকারী। সব তাস তার হাতেই রয়েছে এবং তিনি সবসময় আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখবেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি ভেঙে পড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন তিনি কী করবেন এবং কখন করবেন।’ তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয় কোনো সাড়া দেয়নি।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, গত দুই সপ্তাহে ফোনালাপে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে এ বিষয়ে মতামত জানতে চেয়েছিলেন ট্রাম্প। উভয় নেতাই তাকে ইরানে পুনরায় হামলা না চালানোর জন্য অনুরোধ করেন। তবে ট্রাম্প কোনো পক্ষকেই সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। অন্য দুটি সূত্র জানায়, গত ৩১ অক্টোবর সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ট্রাম্প বলেছিলেন যে তিনি নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা করছেন। তখন সউদী যুবরাজ তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়ে যুক্তি দেন যে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে কাজ করছে। এ বিষয়ে সউদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে আর কোনো মার্কিন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে।তার দাবি, যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক চাপে দুর্বল হয়ে পড়া ইরান এতটাই তীব্র সংকটের মুখে পড়েছে যে, দেশটিতে আর সামরিক হামলার দরকার পড়ছে না। ওয়াশিংটনে রক্ষণশীল আইনি সংগঠন ‘ফেডারেলিস্ট সোসাইটি’র জাতীয় সম্মেলনে দেওয়া এক বক্তব্যে রুবিও এসব কথা বলেন। তার এই বক্তব্য চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যেরই প্রতিধ্বনি।

এদিকে, যুদ্ধের অবসান ঘটাতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে ভ্যান্সকে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নৌ অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা শিথিল করা নিয়ে ইরানি কর্মকর্তাদের দাবির কারণে এই কূটনৈতিক প্রচেষ্টা বড় ধরনের বাধার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের পাশাপাশি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করছেন জেডি ভ্যান্স। এর অংশ হিসেবেই তিনি মহসেন রেজাইয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকের কথা ভাবছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টা ও বিদেশি সমকক্ষদের জানিয়েছেন যে, ভ্যান্সের মাধ্যমে তেহরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার বিষয়ে তিনি ইতিবাচক এবং এ বিষয়ে ভ্যান্সকে প্রয়োজনীয় ক্ষমতাও দেওয়া হয়েছে।

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি দিয়ে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে আইআরজিসি: জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ বা ‘রিভার্স-ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা ‘রিয়া নভোস্তি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল বালালি বলেন, তেহরান তাদের হাতে আসা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামগুলো কাজে লাগিয়ে নিজস্ব সমরাস্ত্র ব্যবস্থার আরও উন্নয়ন ঘটাচ্ছে। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে আইআরজিসির এই জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেন যে, মার্কিন সামরিক সরঞ্জামগুলো নিয়ে গবেষণার মূল লক্ষ্য কেবল সেগুলোর হুবহু নকল তৈরি করা নয়; বরং ওই সব অস্ত্রের কাঠামো এবং তাতে ব্যবহৃত উন্নত প্রযুক্তিগুলো কাজে লাগানো। তিনি আরও জানান, ইরানি বিশেষজ্ঞরা জব্দ করা এসব সরঞ্জাম নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে এমন নতুন ধারণা ও সমরাস্ত্রের নকশা তৈরির চেষ্টা করছেন, যা দেশের নিজস্ব সামরিক চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই হবে।

হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের প্রতিরক্ষা জোরদার : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার তাদের অস্থায়ী রাজধানী এডেন প্রদেশের উপকণ্ঠে সামরিক অবস্থান সুসংহত ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। প্রতিপক্ষ হুথি বিদ্রোহীরা ওই এলাকা-সংলগ্ন গুরুত্বপূর্ণ পাহাড়ের চূড়াগুলো দখল করে নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সামরিক কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

গত গ্রীষ্মে ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে দেশটিতে নতুন করে সংঘাত শুরু হয়। বিশেষ করে গত সেপ্টেম্বরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর লোহিত সাগর উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ সউদী-সমর্থিত ইয়েমেন সরকারের হাতছাড়া হওয়ার পর সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। সূত্রগুলো জানিয়েছে, হুথিরা এখন পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তারা লোহিত সাগরের কাছাকাছি এলাকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি এডেন উপসাগরের আরও কাছাকাছি চলে আসছে। এরই অংশ হিসেবে তারা এডেন প্রদেশের দিকে নজরদারির সুবিধাজনক আল-মাদারিবাহ ওয়াল আরা জেলার কৌশলগত পাহাড়ের চূড়াগুলো দখল করে নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা বলেন, “সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানীর প্রতি হুমকি ঘনিয়ে আসায় এডেন গভর্নরেটের পশ্চিম ও উত্তর দিকে সামরিক প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলার জন্য আমরা উচ্চপর্যায়ের নির্দেশনা পেয়েছি।” এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে বালুর বস্তা দিয়ে বাঙ্কার তৈরি এবং সুড়ঙ্গ খনন করা হচ্ছে। সংবেদনশীল বিষয় হওয়ায় সংশ্লিষ্ট সব সূত্রই নাম গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।
হরমুজে নৌ-মাইনের আঘাতে ২৪ ঘণ্টায় ৫ ট্যাংকারে আগুন : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে একটি নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে ওই জলপথে গত ২৪ ঘণ্টার ব্যবধানে এটি এ ধরনের পঞ্চম দুর্ঘটনা। ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব সতর্কতা উপেক্ষা করে এবং নিজেদের ট্র্যাকিং ও শনাক্তকরণ ব্যবস্থা (রাডার) বন্ধ রেখে ট্যাংকারটি হরমুজ প্রণালীর নিষিদ্ধ ও অনিরাপদ ঘোষিত অঞ্চল দিয়ে গোপনে পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি একটি নৌ-মাইনের সাথে ধাক্কা খেলে বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ট্যাংকারটি ওই স্থানেই থেমে যেতে বাধ্য হয়। এর আগে শুক্রবার ও শনিবার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে আরও কয়েকটি তেল ও তরলীকৃত গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও অগ্নিকা-ের খবর দিয়েছিল। বৈশ্বিক জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটটি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে তেহরান বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।

সপ্তাহজুড়ে নিম্নমুখী জ্বালানি তেলের দাম : আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক মানদ-ের ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯৫ ডলার ৮৪ সেন্টে। চলতি সপ্তাহজুড়ে বাজারে অব্যাহত দাম পতনের ফলে টানা দ্বিতীয় সাপ্তাহিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। বিশ্লেষকরা এই সপ্তাহের জন্য তেলের দামের বুলিশ (বাজার ঊর্ধ্বমুখী হওয়ার) ও বেয়ারিশ (বাজার নিম্নমুখী হওয়ার) সূচক বা রেঞ্জ নির্ধারণ করেছেন যথাক্রমে ৯৮ ডলার এবং ৯১ ডলার। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং রপ্তানি পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দিনে তেলের বাজার কোন দিকে মোড় নেবে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাজার বিশেষজ্ঞরা। সূত্র : রয়টার্স, আল জাজিরা, মেহর নিউজ এজেন্সি, এপি।