→ কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান খায়রুল আনাম→ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক→ চকবাজারের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, শতকোটি টাকা ক্ষতির দাবি→ সচিব পদে পদোন্নতি পে‌লেন ৩ রাষ্ট্রদূত→ এইচএসসির ফল প্রকাশ কবে, জানা গেল
No icon

খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসন জারির বিকল্প ছিল না: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসন জারি করা ছাড়া কেন্দ্রীয় সরকারের সামনে আর কোনো পথ খোলা ছিল না। ওই পরিস্থিতিকে তিনি ‘এখনই, নয়তো কখনোই নয়’—এমন এক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

পিএমএল-এনের পার্লামেন্টারি পার্টির বৈঠকে বক্তব্য দিতে গিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পাকিস্তানের সমৃদ্ধির জন্য খাইবার পাখতুনখাওয়ার মানুষ সব সময় ত্যাগ স্বীকার করেছেন।

২০১৮ সালের মধ্যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল হয়েছিল। কিন্তু তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন সাবেক সরকারের আমলে প্রদেশটিতে ‘সন্ত্রাসীদের’ নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ করেন শাহবাজ।গত আড়াই বছরে খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতির উন্নয়নে কেন্দ্রীয় সরকার সব ধরনের চেষ্টা চালিয়েছে বলেও দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাবেক মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল। ‘দায়িত্ব পালনে ব্যর্থ’ মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির সঙ্গেও বৈঠক করা হয়েছিল।

শাহবাজের অভিযোগ, খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। সেখানে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) শক্তিশালী করার বদলে তারা অবস্থান কর্মসূচি ও গালিগালাজের রাজনীতিকে উৎসাহিত করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা না বলায় ইমরান খানের প্রতিষ্ঠিত দলটিরও সমালোচনা করেন তিনি।

পিটিআইয়ের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আলোচনা প্রায় একটি সমঝোতায় পৌঁছে গিয়েছিল। কিন্তু পরে সেই প্রক্রিয়া ভেস্তে দেওয়া হয়। শেষ পর্যন্ত পিটিআইয়ের প্রতিনিধিদল জানায়, তাদের প্রাদেশিক সরকারের সঙ্গে পরামর্শ করতে হবে। পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে, সম্ভবত ৯ মের ঘটনার (২০২৩ সালের এদিনে ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলা) পুনরাবৃত্তি ঘটানোর নির্দেশেই এমনটি করা হয়েছে।’

সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান এ দ্বন্দ্বে সমঝোতার চেষ্টা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম-পাকিস্তানের (জেইউআই-এফ) নেতা মাওলানা ফজলুর রহমান।শাহবাজ সরকারের পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছে পিটিআই। দলের চেয়ারম্যান গহর আলী খান গতকাল বলেন, ‘গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারির বিরুদ্ধে আমরা হাইকোর্টে আবেদন করছি।’