ইরান-সমর্থিত হুথিদের দখলে থাকা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি ও লোহিত সাগরের উপকূলীয় এলাকা পুনর্দখলে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সউদী আরব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। এতে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট ছয়জন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, স্থলভাগে অভিযান চালাবে রিয়াদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনি বাহিনী। তাদের সহায়তায় বিমান হামলা চালাবে সউদী বাহিনী। তবে সউদীর মিত্র দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নেবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। পাশাপাশি কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ সউদী আরবকে মূলত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের পরিসর নিয়ে সউদী নেতৃত্ব দুটি বিকল্প বিবেচনা করছে। প্রথমটি হলো বাব আল-মানদেব প্রণালি ও এর আশপাশের উপকূলীয় এলাকায় সীমিত অভিযান চালিয়ে হুথিদের পিছু হটানো। দ্বিতীয়টি হলো আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ ইয়েমেনের একাধিক এলাকায় একযোগে বড় আকারের হামলা চালানো।
উল্লেখ্য, গত মাসে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে দ্রুত অগ্রসর হয়ে বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয়। ভূমধ্যসাগর ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় প্রণালিটির নিয়ন্ত্রণ হুথিদের হাতে চলে যাওয়া সউদী আরবের জন্য বড় কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। চলমান ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালির ব্যবহার সীমিত থাকায় বাব আল-মানদেবের গুরুত্বও বেড়েছে।