মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই উপসাগরীয় দেশ ওমানে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহ থেকে প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সউদী ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে সউদী আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কে কম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ওমানের ধোফার গভর্নরেটের উপকূলসংলগ্ন আরব সাগর।
প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎস ছিল আরব সাগরের ‘ওয়েন ফ্র্যাকচার জোন’। এটি আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটের মধ্যকার একটি ট্রান্সফর্ম ফল্ট, যেখানে মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার প্রভাব ওমানেও পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার দাবি এবং ওমান উপকূলে কয়েকটি জাহাজে হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় এবং উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি