মার্কিন হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি। শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
রেজায়ি বলেন, ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। তার ভাষায়, ‘কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’
তিনি আরও বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার নীতি কার্যত শেষ হয়ে গেছে। এখন পরিস্থিতি নতুন এক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। রেজায়ির দাবি, এখন পর্যন্ত ইরান সংঘাতের পরিধি বাড়ানো বা অন্য কোনো দেশে হামলা চালানোর দিকে মনোযোগ দেয়নি। বরং তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধের অবসানের পথ তৈরি করা।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।’ মার্কিন হামলা এবং ইরানের পাল্টা অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।