রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রোববার সকালেও কমেনি। ভোর সকাল থেকে একটানা মুষলধারে বৃষ্টি হওয়ায় ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দিনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, চলতি মাসে এই সময়ের মধ্যে রাজধানীতে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।স্বল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে তিনি জানান।সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর এলাকা এবং মোহাম্মদপুর, কালশীসহ বিভিন্ন স্থানে সড়কে পানি জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও হাঁটুপানি থাকায় যান চলাচল এবং পথচারীদের চলাফেরা ব্যাহত হয়।সবচেয়ে বেশি জলাবদ্ধতার চিত্র দেখা যায় শেওড়াপাড়া এলাকায়। সেখানে প্রধান সড়কের পাশাপাশি আশপাশের অলিগলিও পানিতে তলিয়ে যায়। এছাড়া মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ নম্বর ও ৩২ নম্বর এলাকার পেছনের সড়কগুলোতে হাঁটুপানি জমে। গ্রিনরোড, পান্থপথ এবং কলাবাগানের অভ্যন্তরীণ সড়কেও দীর্ঘ সময় পানি আটকে থাকতে দেখা গেছে।