বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সুরভী পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের সৌরভ ঢালী (১৪) ও তাওহীদ ইসলাম (১৩) এবং ধামসর গ্রামের মোস্তাকিন (১৪)। তারা তিনজন আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়।খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক ও বাসের স্টাফরা পালিয়ে যায়।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।