→ একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন ৮ অক্টোবর পর্যন্ত→ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু→ খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক→ দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিন বৃষ্টির আভাস→ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি
No icon

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। 

সোমবার (৫ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগে পৃথক ১০ বছরের সাজা দেওয়া হলেও সেগুলো একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে মোট সাজা দাঁড়ায় ১০ বছর। 

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাইব্যুনালের দেওয়া সাজা মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্বের তুলনায় যথেষ্ট নয়। এ কারণে সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এর আগে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরও প্রসিকিউশন সাজা বাড়ানোর জন্য আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছিল। এখন প্রসিকিউশনের আপিলের পর বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে।