ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে বাড়তে শুরু করেছে ঠান্ডার অনুভূতি। এক দিনের ব্যবধানে সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, জেলায় দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সকাল ও সন্ধ্যার পর থেকে বাড়ছে ঠান্ডার অনুভূতি। বিশেষ করে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়ছে।বুধবার সকালে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত আকাশে সূর্যের দেখা মেলে। জীবিকার তাগিদে সকালেই কাজে বেরিয়ে পড়েন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালকসহ কৃষকেরা। তবে উত্তরের ঠান্ডা বাতাসে সকালবেলা কাজ করতে গিয়ে বাড়তি শীত অনুভব করছেন তারা।স্থানীয়রা জানান, গত দুই দিন দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও ঠান্ডার অনুভূতি ছিল। বুধবার সকালে রোদের দেখা মিললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আবার বাড়তে থাকে শীত। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে ভোরের দিকে কাঁথা-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।
শীতের প্রভাবে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সর্দি-কাশি ও জ্বরসহ বিভিন্ন শীতজনিত উপসর্গ দেখা দিচ্ছে। কেউ কেউ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় পার্বত্যাঞ্চলের কাছাকাছি অবস্থান এবং উত্তরের হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে।তাপমাত্রার নিম্নমুখী প্রবণতা, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের আগমনি বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বাড়ছে ঠান্ডার অনুভূতি। সব মিলিয়ে ধীরে ধীরে শীতের আমেজে ঢেকে যাচ্ছে হিমালয়কন্যা পঞ্চগড়ের জনপদ।