পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, মহাসড়কে বড় বড় বাজার ও মোড়ে সারাবছর যানজট লেগেই থাকে। সেগুলো দূর করতে সেখানকার পুলিশকে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।এর আগে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আইজিপি। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।পরে মহাসড়কে যানজট প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, চালক ও সহযোগীরা অনেক সময় ট্রাফিক আইন জানেন না। ট্রাফিক আইন মেনে চলেন না। এতে যানজট সৃষ্টি হয়। পরিবহন মালিক সমিতির লোকজনকে অনুরোধ করেছি, ট্রাফিক আইন শিক্ষা দেওয়ার জন্য।বাস টার্মিনাল ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই আছে। এজন্য এবার দেশের সব ইউনিটকে বলে দিয়েছি এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে সমঝোতা নেই।
আইজিপি বলেন, এ বছর ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রীদের যেন কোনো হয়রানি, অতিরিক্ত টিকিটমূল্য আদায় বা সড়কে অযাচিত যানজট ও ব্লকেডের সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি করছে।রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে আলী হোসেন ফকির বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে এসব দূর করব। টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে আইজিপি বলেন, আইন না জানাও একটা অপরাধ। দেশের প্রচলিত আইন জানা একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব। আপনি জানেন না, এসে বলবেন, আমি এটা জানতাম না, এই অজুহাত মানব না।পরিদর্শনে গিয়ে ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।তিনি বলেন, এলাকায় নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা বা কোনো স্থানে অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করতে দেখলে কাছের থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানান।এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান প্রমুখ।