প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সময় দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে সাদা শার্ট পরিহিত অবস্থায় তিনি গাড়ি থেকে নেমে কার্যালয়ে প্রবেশ করেন।কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে তার গাড়িবহর নয়াপল্টনে পৌঁছলে হাজারো নেতাকর্মী করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর আগমনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা কার্যালয়ে প্রবেশ করেন।কার্যালয়ের ভেতরে চেয়ারম্যানের কক্ষে বসে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, মানুষের অনেক প্রত্যাশা বিএনপির প্রতি, তাই সবাইকে ধৈর্য ধরে আইনশৃঙ্খলা মেনে চলতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। পরিবেশ স্বাভাবিক থাকলে তিনি নিয়মিত কার্যালয়ে আসবেন বলেও জানান। প্রধানমন্ত্রী আরও বলেন,
আপনারা যদি চান আমি অফিসে আসি, তাহলে পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা বন্ধ করলে মানুষের কষ্ট হবে, আর সেই পরিস্থিতিতে আমার অফিসে আসা সম্ভব হবে না। তিনি নেতাকর্মীদের দ্রুত রাস্তা ফাঁকা করার আহ্বান জানান।প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গতকাল সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি কার্যালয়ে বসেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন এবং মন্ত্রী, সংসদ সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন।বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ অনেকে। বৈঠকে সংসদের জন্য ৪৫ জন এমপিকে বাছাই করে তাদের সংসদীয় কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এর আগে বিকালে সংসদ ভবনে দলের সংসদীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি নয়াপল্টনে আসেন। তার আগমনকে ঘিরে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকাল থেকেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে তারা কার্যালয়ের সামনে জড়ো হন। সড়কের দুই পাশে ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এক লাইনে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। নিরাপত্তার অংশ হিসেবে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কাল ক্রীড়া কার্ড উদ্বোধন : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে ৫০০ জন ক্রীড়াবিদ এই ভাতা পাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় পর্যায়ে অবদান রাখা ক্রীড়াবিদদের সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে দেশের বিভিন্ন উপজেলায় ক্রীড়া অবকাঠামো উন্নয়নেও কাজ করা হবে।