মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে বিবেচিত হতে পারে। আইনি বিশেষজ্ঞদের মতে, এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যে সামরিক লক্ষ্য ও গণহত্যার উদ্দেশ্য একই সঙ্গে থাকতে পারে।
গাজা ও মিয়ানমারের সংঘাতের আইনি প্রেক্ষাপট আলাদা হলেও দুটি মামলাই ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে রাষ্ট্রের দায়িত্ব লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে। শুক্রবার (২০ নভেম্বর) হেগে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার আইসিজে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমার গণহত্যা সনদের একাধিক বিধান লঙ্ঘন করেছে বলে রায় দেন।
গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে গণহত্যার মামলা করা দক্ষিণ আফ্রিকা এই রায়কে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে আদালতের এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে। ইসরাইলের বিরুদ্ধে মামলার ক্ষেত্রেও এর বিশেষ তাৎপর্য রয়েছে। তবে মামলাটির মূল শুনানি ২০২৯ সালের আগে হওয়ার সম্ভাবনা নেই।
মিয়ানমার ও ইসরাইল উভয় দেশই নিজেদের সামরিক অভিযানকে সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে ১৫ বিচারকের বেঞ্চের ৯ জনের সংখ্যাগরিষ্ঠ মত অনুযায়ী, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, শিশুদের হত্যা, বাড়িঘর ধ্বংস, ব্যাপক যৌন সহিংসতা এবং সাত লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।
এই রায়ে আদালত আরও বলেন, গণহত্যা প্রতিরোধে মিয়ানমার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনে সহায়তা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত। তবে ক্ষতিপূরণের পরিমাণ নির্দিষ্ট করে জানানো হয়নি। মামলাটি সাত বছর আগে গাম্বিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পক্ষে দায়ের করেছিল।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনগুলোর কয়েকটি সিদ্ধান্তও গ্রহণ করেছেন বিচারকেরা। এসব প্রতিবেদনের একটিতে বলা হয়েছিল, ব্যাপক হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ বহন করে। ইসরাইলি আইন বিশেষজ্ঞ ইউভাল শানি বলেন, রোহিঙ্গা মামলার রায় দক্ষিণ আফ্রিকার সামনে ইসরাইলের বিরুদ্ধে মামলায় নতুন আইনি যুক্তি তুলে ধরার সুযোগ তৈরি করতে পারে। তাঁর মতে, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আদালত ‘একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা’ হওয়ার শর্ত বহাল রেখেছেন। তবে কোনো ঘটনার ধরন ও ধারাবাহিকতার পাশাপাশি অপরাধের ব্যাপকতা, পদ্ধতিগত চরিত্র এবং অতীতের নিপীড়নের ইতিহাসও বিবেচনায় নেওয়ার সুযোগ বাড়িয়েছেন।
গণহত্যা প্রমাণ করা আন্তর্জাতিক আইনে অত্যন্ত কঠিন। এ জন্য কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য প্রমাণ করতে হয়। গণহত্যার অপরাধের মধ্যে রয়েছে কোনো জনগোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা, তাদের ধ্বংসের উপযোগী জীবনযাপনের পরিস্থিতি তৈরি, জন্ম রোধ করা এবং জোর করে শিশুদের অন্য জনগোষ্ঠীর কাছে স্থানান্তর করা।
লামোলা বলেন, রোহিঙ্গা মামলার রায় দক্ষিণ আফ্রিকা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে। এর মাধ্যমে জাতিগত নিধন, শিশু হত্যা, যৌন সহিংসতা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ড কীভাবে গণহত্যার সংজ্ঞার আওতায় পড়তে পারে, তা ইসরাইলের বিরুদ্ধে মামলায় তুলে ধরার বিষয়টি বিবেচনা করা হবে।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের অধ্যাপক মারিকে দে হুন বলেন, মিয়ানমারের অপরাধের পদ্ধতিগত চরিত্র ও ব্যাপকতার ওপর আদালতের গুরুত্ব দেওয়ার বিষয়টি ইসরাইলের মামলাতেও প্রভাব ফেলতে পারে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরাইলের সামরিক অভিযান এমন পরিস্থিতি তৈরি করেছে, যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের মধ্যে জন্ম রোধ করা এবং এতে নারী ও শিশুরা অসমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইসিজেতে দেওয়া আবেদনে দক্ষিণ আফ্রিকা দাবি করেছে, গাজায় নিহতদের আনুমানিক ৭০ শতাংশই যোদ্ধা ছিলেন না। তবে ইসরাইল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়েছে।
দে হুনের মতে, সামরিক উদ্দেশ্য থাকলেই যে গণহত্যার উদ্দেশ্য থাকতে পারে না, এমন যুক্তি আদালত নাকচ করেছেন। তাঁর ভাষ্য, নারী ও শিশুদের ওপর হামলা এবং যৌন সহিংসতার মতো কিছু কর্মকাণ্ডকে শুধু সামরিক লক্ষ্য দিয়ে ব্যাখ্যা করা যায় না। এসব ক্ষেত্রে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হতে পারে বলে বিচারকেরা মনে করেছেন।
অন্যদিকে, ইসরাইলপন্থি গোষ্ঠীগুলোর অর্থায়নে পরিচালিত থিংক ট্যাংক ‘দ্য হেগ ইনিশিয়েটিভ ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন’ (থিঙ্ক) বলেছে, এই রায় গণহত্যার অভিযোগ মূল্যায়নের ক্ষেত্রে আদালতগুলোর দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে বদলে দিতে পারে। প্রতিষ্ঠানটির পরিচালক অ্যান্ড্রু টাকার এক প্রতিক্রিয়ায় দাবি করেন, রায়টি গণহত্যার উদ্দেশ্য প্রমাণের সীমা কমিয়ে দিতে পারে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত পশ্চিমা সামরিক বাহিনীগুলোর জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলের সামরিক অভিযানও এর মধ্যে পড়ে।
টাকারের মতে, এই রায় শুধু একটি নির্দিষ্ট মামলার সিদ্ধান্ত নয়, ভবিষ্যতের মামলাগুলোর জন্যও একটি কাঠামো তৈরি করেছে। তাঁর দাবি, এতে বলা হয়েছে, বৈধ সামরিক লক্ষ্য ও গণহত্যার উদ্দেশ্য পাশাপাশি থাকতে পারে এবং প্রবেশাধিকার না থাকা অবস্থায় তৈরি জাতিসংঘের প্রতিবেদনও আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, আইসিজে এর আগে কখনো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি। আদালতে এই অপরাধ প্রমাণের আইনি মানদণ্ড অত্যন্ত কঠিন। তবে মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায় দেখিয়েছে, সেই কঠিন মানদণ্ডও অতিক্রম করা সম্ভব। তথ্যসূত্র: রয়টার্স